ইউসুফ-ইউনুসদের ‘দৃষ্টান্তমূলক’ শাস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের ক্রিকেটে আরও একবার বড় ধরনের ওলটপালট হলো। মূল দলের সাতজন ক্রিকেটারের বিরুদ্ধে জরিমানা ও নিষেধাজ্ঞা আরোপ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বলা হচ্ছে, স্মরণকালের মধ্যে এটাই কোনো ক্রিকেট বোর্ডের নেওয়া ক্রিকেটারদের বিরুদ্ধে সবচেয়ে কঠোর পদক্ষেপ। অনির্দিষ্টকালের জন্য পাকিস্তানের সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ করা হয়েছে মোহাম্মদ ইউসুফ আর ইউনুস খানকে। তবে তাঁদের অনির্দিষ্টকালের জন্য না আজীবন নিষিদ্ধ করা হয়েছে, তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন শোয়েব মালিক আর রানা নাভেদ-উল-হাসান। শহীদ আফ্রিদি, কামরান আর উমর আকমলকে ২০ থেকে ৩০ লাখ রুপি জরিমানা করা হয়েছে। শেষের এই তিনজন আগামী ছয় মাস কড়া নজরদারির মধ্যে থাকবেন।ক্রিকেটারদের বিরুদ্ধে এমন ব্যবস্থা পিসিবি যে নিতে যাচ্ছে, আগেই সেটি চাউর হয়ে গিয়েছিল। গত অস্ট্রেলিয়া সফরে দলের ব্যর্থতার কারণ অনুসন্ধানে গঠিত পিসিবি কমিটির সুপারিশ অনুযায়ী বোর্ড সভাপতি ইজাজ বাট ‘দৃষ্টান্তমূলক শাস্তি’র কথা জানিয়েছিলেন। আগে জানা গিয়েছিল, পাঁচজন খেলোয়াড়ের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হতে পারে। ইউসুফ আর ইউনুসও যে পিসিবির খড়্গের নিচে পড়বেন সেটি অনুমান করা যায়নি। অথচ এই দুজনই সবচেয়ে বড় শাস্তিটা পেলেন। এতে ৩৫ বছর বয়সী ইউসুফ আর ২৯ বছর বয়সী ইউনুসের আন্তর্জাতিক ক্যারিয়ারের সামনেই পড়ে গেল একটি প্রশ্নচিহ্ন।পিসিবির পক্ষ থেকে নির্দিষ্ট করে বলা হয়নি এ দুজনের নিষেধাজ্ঞার ধরনটি কেমন। পিসিবির আইনজীবী তাফাজ্জুল রিজভি ক্রিকইনফোকে বলেছেন, ‘আজীবন নিষেধাজ্ঞা মানে হলো এরা ঘরোয়া বা এ ধরনের ক্রিকেটও খেলতে পারবে না। কিন্তু আমরা এতে বাধা দেব না। তারা দেশে বা বিদেশে ঘরোয়া বা কাউন্টিতে খেলতে পারবে।’ বাকি পাঁচজনের ব্যাপারে ব্যাখ্যা পাওয়া গেলেও ইউসুফ আর ইউনুস ঠিক কী কারণে শাস্তি পেলেন সেটি পিসিবির পক্ষ থেকে জানানো হয়নি।রানা নাভেদ আর শোয়েব মালিকের বিরুদ্ধে দলে অন্তর্কলহ সৃষ্টির অভিযোগ উঠেছে। আকমল ভাইদের বিরুদ্ধে অভিযোগ, অস্ট্রেলিয়া সফরে টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তের বিরোধিতা করা। ওই সফরে বাজে ফর্মে থাকা বড় ভাই কামরানকে বসিয়ে দেওয়া হলে ছোট ভাই উমরও খেলবেন না বলে জানিয়ে দিয়েছিলেন। পরে অবশ্য ঠিকই ভাইকে ছাড়া খেলতে নেমেছেন উমর। কিন্তু শাস্তি এড়াতে পারলেন না এই উঠতি তারকা। ২০ লাখ রুপি জরিমানা গুনতে হবে তাঁকে। কামরানকে জরিমানা করা হয়েছে ৩০ লাখ রুপি। আফ্রিদির অপরাধ বল কামড়ে পাকিস্তানের ক্রিকেটের ভাবমূর্তি ক্ষুণ্ন করা। তাঁর জরিমানা ৩০ লাখ রুপি। এই তিনজন আগামী ছয় মাসের মধ্যে আচরণবিধি ভঙ্গ করলে বড় ধরনের শাস্তি পাবেন বলে সতর্ক করে দেওয়া হয়েছে।পিসিবির এমন কঠোর অবস্থান অনেককেই বিস্মিত করেছে। ২০০০ সালে কাইয়ুম কমিশনের রিপোর্টের পর কয়েকজন খেলোয়াড়ের বিরুদ্ধে বোর্ড পদক্ষেপ নিয়েছিল। কিন্তু তখন অপরাধ ছিল ম্যাচ পাতানোর মতো গুরুতর। আচরণবিধি ভাঙার অপরাধে এত বড় শাস্তি ক্রিকেট ইতিহাসেই হয়তো উদাহরণ হয়ে থাকবে। কেউ কেউ ধারণা করছেন, পিসিবির এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হতে পারেন শাস্তি পাওয়া খেলোয়াড়েরা। যদিও রিজভি বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই বলেছেন, বোর্ডের নেওয়া সব সিদ্ধান্তই আইনসিদ্ধ।ক্রিকেট বিশ্লেষকেরা বলছেন, টি-টোয়েন্টির উত্থান, ক্রিকেটারদের হাতে দেদার টাকা চলে আসা, পরিবর্তিত প্রেক্ষাপটে যেখানে খেলোয়াড়দের ওপর বোর্ডগুলোর কর্তৃত্ব কমে আসছে, সেখানে পিসিবি এক রকম চ্যালেঞ্জই ছুড়ে দিল ক্রিকেটারদের বিরুদ্ধে। ওয়েবসাইট।