ইউসুফ ফিরবেন, যদি...
অবসর নেওয়ার পর থেকেই শোনা যাচ্ছে, তাঁর ফিরে আসার গুজব। অস্ট্রেলিয়ার বিপক্ষে লর্ডস টেস্টে শোচনীয় হারের পর সেসব আরও ডালপালা মেলেছে। এবার আর গুজব নয়, মোহাম্মদ ইউসুফ নিজেই জানালেন, দল চাইলে অবসর ভেঙে ফিরতে প্রস্তুত তিনি। তবে ফেরার জন্য একটি শর্তও দিয়েছেন সাবেক অধিনায়ক, তাঁকে ‘সম্মানজনক আমন্ত্রণ’ জানাতে হবে পিসিবির পক্ষ থেকে। ‘জাতীয় দলে খেলতে আমি সব সময়ই প্রস্তুত। দল না চাইলে আমি অবসরেই থাকতে চাই। কিন্তু দলের আমাকে প্রয়োজন হলে দেশের সেবায় আমি প্রস্তুত। পিসিবি যদি আমাকে সম্মানজনকভাবে আমন্ত্রণ জানায়, তাহলে আমি অবশ্যই দলের সঙ্গে যোগ দেব’—আবার ক্রিকেটে ফেরা নিয়ে বলেছেন ইউসুফ। গত ডিসেম্বর-জানুয়ারির চরম ব্যর্থ অস্ট্রেলিয়ার সফরের পর যে সাতজনকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছিল, তাঁদের একজন ইউসুফ। পিসিবির আজীবন নিষেধাজ্ঞা পাওয়ার পর হতাশায় গত ২৯ মার্চ ক্রিকেটকে বিদায় জানান সাবেক অধিনায়ক। এর পর থেকেই তাঁর নিষেধাজ্ঞা তুলে নেওয়া, ক্রিকেটে ফেরা নিয়ে অনেক কথা, অনেক বিতর্ক হয়েছে। সদ্য সাবেক টেস্ট অধিনায়ক শহীদ আফ্রিদি তাঁকে অনুরোধ করেছিলেন ফিরতে।সর্বশেষ লর্ডস টেস্টে ১৫০ রানের হার ও আফ্রিদির নাটকীয় অবসরের পর আরেক সাবেক অধিনায়ক ইউনুসের সঙ্গে ইউসুফেরও ফেরার কথা আবার শোনা যায়। লর্ডসে বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সের পরও পাকিস্তানকে হারতে হয়েছে ব্যাটসম্যানদের ব্যর্থতায়। পাঁচজন স্পেশালিস্ট ব্যাটসম্যান নিয়ে খেলেছে পাকিস্তান; এর মধ্যে দুজনই (আজহার আলী ও উমর আমিন) ছিলেন অভিষিক্ত, আরেকজনেরও (উমর আকমল) আন্তর্জাতিক ক্রিকেটে পদচারণ খুব বেশি দিন নয়। ইউনুস ও ইউসুফের মতো অভিজ্ঞদের ফেরানোর দাবি তাই জোরেশোরেই ওঠে। ফিটনেস থাকলে তাঁরা ফিরতে পারেন, এমন ইঙ্গিত দিয়েছেন পিসিবির প্রধান ইজাজ বাটও। ৮৮ টেস্টে ৫৩.০২ গড়ে ৭৪৩১ রান করেছেন ইউসুফ, পাকিস্তানের হয়ে টেস্টে তাঁর চেয়ে বেশি রান আছে কেবল জাভেদ মিয়াঁদাদ ও ইনজামাম-উল হকের।আগামী মাসেই সাঁইত্রিশে পা দেবেন ইউসুফ; সত্যিই ফিরলে তাঁকে খেলতে হবে প্রায় ১১ বছরের ছোট সালমান বাটের অধীনে, পাকিস্তান ক্রিকেটে যে ব্যাপারটা কখনোই সুখকর হয়নি। ইউসুফ অবশ্য বলছেন, কারও অধীনে খেলতেই তাঁর আপত্তি নেই, ‘পিসিবি সালমান বাটকে অধিনায়ক করেছে। সবারই এটা শ্রদ্ধা করা উচিত। আমি যেকোনো অধিনায়কের অধীনেই খেলতে প্রস্তুত আছি, আগেও কখনো কারও অধীনে খেলতে সংকোচ বোধ করিনি।’ ওয়েবসাইট।