ইউসুফকে চাইছেন আফ্রিদি
যে শহীদ আফ্রিদি টেস্টই নিয়মিত খেলার সুযোগ পান না, তিনি অধিনায়ক হওয়াতে অনেকেই বিস্মিত হয়েছেন। সাবেক ক্রিকেটারদের অভিযোগ, অভিজ্ঞদের কাউকে কেন দায়িত্ব দেওয়া হলো না?এই প্রশ্নের জবাব আফ্রিদির কাছে নেই। তিনি যেটা পারেন, দলে অভিজ্ঞ ক্রিকেটারদের সংখ্যা বাড়ানো, সেই চেষ্টাই করে যাচ্ছেন। দায়িত্ব পাওয়ার পরই ফোন করেছিলেন মোহাম্মদ ইউসুফকে। অবসর ভেঙে টেস্ট দলে ফিরে ইংল্যান্ড সফরে যাওয়ার অনুরোধ করেছেন সাবেক অধিনায়ককে। ইউসুফ হ্যাঁ, না কোনোটাই বলেননি। ‘মুরব্বি’দের সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন।অস্ট্রেলিয়া সফরের পর ইউসুফসহ পাকিস্তান দলের সাত সিনিয়র ক্রিকেটারকে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞাসহ বিভিন্ন ধরনের শাস্তি দেওয়া হয়েছে। এশিয়া কাপ ও সামনের দুটি সফরের জন্য ঘোষিত ৩৫ সদস্যের প্রাথমিক দলে সাজা পাওয়া সেই ক্রিকেটারদের মধ্যে ইউনুস খান, শোয়েব মালিকসহ পাঁচজন ক্রিকেটার জায়গা পেয়েছেন। এই তালিকায় ঠাঁই হয়নি নিষেধাজ্ঞা পাওয়ার পরই অবসর নিয়ে ফেলা ইউসুফের। ওয়েবসাইট। আফ্রিদি ইউসুফকে ফোন করে এই সিদ্ধান্ত থেকে সরে আসতে অনুরোধ করেছেন। বলেছেন, ইউসুফ যদি শেষ মুহূর্তে দলে যোগ দেন, তাহলেও দলের বিরাট উপকার হবে, ‘আমি ইউসুফের সঙ্গে কথা বলেছি। কয়েকজন মুরব্বির সঙ্গে কথা বলেছি, যাঁরা ইউসুফকে অবসর থেকে ফিরে আসতে প্রভাবিত করতে পারেন। আমি নিশ্চিত সে ওনাদের কথা শুনে অবসরের ব্যাপারে নিজের মন বদলাবে। ও যদি টেস্ট শুরুর আগে গোটা দুই প্রস্তুতি ম্যাচ খেলতে পারে, তাতেই নিজেকে এই কঠিন সিরিজের জন্য প্রস্তুত করে ফেলতে পারবে।’ইউসুফ নিশ্চিত করেছেন, তাঁকে আফ্রিদি ফোন করেছিলেন। এখন ইউসুফ তাঁর ধর্মীয় গুরুদের সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নেবেন, ‘হ্যাঁ, আফ্রিদি আমাকে ফোন করেছিল। আমি ওকে বলেছি, অবসরের সিদ্ধান্তটা মুরব্বিদের সঙ্গে কথা বলে নিয়েছি। আবার তাঁরা অনুমতি দিলেই শুধু আমি অবসর থেকে ফিরতে পারি।’