ইউসুফে ভিভের ছায়া!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সময় যাচ্ছে ইউসুফ পাঠানের। তাঁকে নিয়ে চলছে মাতামাতি, দেওয়া হচ্ছে নানা অভিধা। লেখা হচ্ছে লাইনের পর লাইন, তুলনা করা হচ্ছে সাবেক তারকাদের সঙ্গে।‘আক্রমণাত্মক ব্যাটসম্যান’ তকমাটা তাঁর নামের সঙ্গে যোগ হয়েছে অনেক আগেই। গত ডিসেম্বরে দারুণ এক সেঞ্চুরি করে কঠিন হয়ে পড়া একটা ম্যাচ জিতিয়েছিলেন ভারতকে। গত মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আরেকটা দুর্দান্ত সেঞ্চুরি করে অসম্ভব এক জয়কে প্রায় মুঠোয় এনে ফেলেছিলেন। তার পর থেকেই পাদপ্রদীপের আলোর নিচে উজ্জ্বল ‘বড়’ পাঠান। দলের সাধারণ এক সদস্য থেকে এখন অপরিহার্য অংশ।চারদিক থেকে প্রশংসার বান ছুটছে তাঁর দিকে। কিন্তু ভিভিএস লক্ষ্মণ তাঁকে সম্ভবত তুলে দিলেন বিরাট উঁচু এক বেদিতে। সম্প্রতি পুনের এক অনুষ্ঠানে স্বল্পভাষী লক্ষ্মণ ওয়েস্ট ইন্ডিয়ান গ্রেট ভিভ রিচার্ডসের সঙ্গে তুলনা করলেন ইউসুফকে, ‘সে (ইউসুফ) এক কথায় অবিশ্বাস্য। নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তার ব্যাটিং আমাকে স্যার ভিভ রিচার্ডসের কথা মনে করিয়ে দিয়েছে।’‘ইউসুফ খুব সাহসী ও তার খেলাটা আক্রমণাত্মক, আর সে যেমন ব্যাট করে তাতে সে নিশ্চিতভাবেই ম্যাচ উইনার। সে ধ্বংসাত্মক ব্যাটসম্যান, বিশ্বকাপে দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়ও হবে সে।’রিচার্ডসের সঙ্গে অতীতে অনেকেরই তুলনা হয়েছে। ওয়েস্ট ইন্ডিজেরই রিকার্ডো পাওয়েলের মতো ব্যাটসম্যানকেও একসময় তাঁর সঙ্গে তুলনা করা হয়েছে। পাওয়েল কোথায় হারিয়ে গেছেন। ভিভ হওয়াটা আসলে অসম্ভব। এখন দেখা যাক, ২৭ বছর বয়সী পাঠান কত দিনে রিচার্ডসের কথা মনে করাতে পারেন।ইউসুফ প্রসঙ্গে বলতে গিয়ে একসময় নিজের সম্পর্কেও কথা বলেছেন লক্ষ্মণ। স্টাইলিশ এই ব্যাটসম্যান ১৫ বছর ধরে আছেন ভারতীয় দলে, কিন্তু খেলা হয়নি কোনো বিশ্বকাপ। এটিকে তাঁর ক্যারিয়ারের সবচেয়ে বড় শূন্যতা মনে করেন তিনি, ‘আশিটির মতো (৮৬টি) ওয়ানডেসহ সব ধরনের ক্রিকেট খেললেও বিশ্বকাপটাকেই আমি বেশি মিস করি। কিন্তু কী করার আছে, আমার মনে হয় এটা খেলাটারই একটা অংশ।’ ওয়েবসাইট।