ইউসুফে সওয়ার ভারতের জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেন্ডুলকারের চোট শাপে বর হয়ে এল ভারতের জন্য। ৯৩ রানে ৫ উইকেট হারিয়ে ফেলা ভারত যে জিতল টেন্ডুলকারের জায়গায় সুযোগ পাওয়া ইউসুফ পাঠানের ব্যাটে (৫০ বলে ৫৯ রান)। ম্যাচ সেরার পুরস্কারে অবশ্য ইউসুফের সঙ্গে দাবিদার হরভজনও। বল হাতে মাত্র ২৩ রানে ২ উইকেট নেওয়া ‘ভাজ্জি’ আট নম্বরে নেমে ২৫ বলে অপরাজিত ২৩ রানের ইনিংসটা না খেললে হয়তো জেতা হতো না ভারতের। সিরিজে ২-১ লিডও নেওয়া হতো না। আগের ম্যাচে এক রানের অভাবিত এক জয় পাওয়া উজ্জীবিত ভারত কাল কেপটাউনে মাত্র ২২০ রানে অলআউট করে দিয়েছিল দক্ষিণ আফ্রিকাকে। কিন্তু জয়ের লক্ষ্যটা সহজ ছিল না। এই উইকেটে বল ব্যাটে আসছিল না ঠিকমতো। দক্ষিণ আফ্রিকার ইনিংসকেই অনুসরণ করে ভারতের লাইনআপেও তাই ছিল ধস। কিন্তু ইউসুফের কাছে উইকেটের চরিত্র-টরিত্রে কিছু আসে যায় না। কাল ইয়োহান বোথার চার বলের মধ্যে তিনটি ছক্কা হাঁকিয়ে দিয়েছিলেন সেই বার্তাই। শেষ পর্যন্ত তাঁকে মরকেলের ক্যাচ বানিয়ে থামিয়েছেন ডেল স্টেইন। কিন্তু ভারতের আরেকটি উত্তেজনা ছড়ানো জয়ই যে লেখা ছিল এদিন।বোলারদের দাপটের ম্যাচে নায়ক তিন ব্যাটসম্যান। এদিকে ইউসুফ, ওদিকে ডুমিনি আর ফ্যাফ ডু প্লেসিস। ৯০ রানে ৪ উইকেট হারিয়ে ফেলা দক্ষিণ আফ্রিকাকে টেনে তুলেছে এই দুজনের ১১০ রানের জুটি। ৭৮ বলে খেলা ৬০ রানের ইনিংসটায় ডু প্লেসিস বুঝতেই দেননি, এটি তাঁর প্রথম ম্যাচ। এই ২৬ বছর বয়সী বিশ্বকাপ দলেও নিজের জায়গার দাবি জানিয়ে রাখলেন।দক্ষিণ আফ্রিকা: ৪৯.২ ওভারে ২২০/১০ (ডু প্লেসিস ৬০, ডুমিনি ৫২, স্মিথ ৪৩; হরভজন ২/২৩, ইউসুফ ১/২৭, জহির ১/৩২)। ভারত: ৪৮.২ ওভারে ২২৩/৮ (ইউসুফ ৫৯, রায়না ৩৭, কোহলি ২৮; মরকেল ৩/২৮, স্টেইন ২/৩১)। ফল: ভারত ২ উইকেটে জয়ী।