ইউসুফের ফেরা নিয়ে কিছুই জানতেন না বাট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমে আজীবন নিষিদ্ধ, মুহূর্তেই সেটা সংশোধন করে মোহাম্মদ ইউসুফ ও ইউনুস খানকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। মোহাম্মদ ইউসুফের সেই অনির্দিষ্টকালের মেয়াদ মাত্র পাঁচ মাসেই শেষ! ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দলে তাঁকে ফিরিয়ে এনেছেন নির্বাচকেরা। পিসিবির এই লুকুচুরি নিয়ে যখন বিতর্ক চলছে, তখন আরেকটি অবাক করার মতো তথ্য দিলেন সালমান বাট। ইউসুফকে ফিরিয়ে আনার বিষয়ে কিছুই নাকি জানতেন না পাকিস্তানের এ অধিনায়ককে! খবর পিটিআই।গত সোমবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক তথ্যবিবরণীতে দাবি করা হয়, পিসিবি চেয়ারম্যান ইজাজ বাট, দলের ম্যানেজার, কোচ, নির্বাচক, অধিনায়ক সবাই আলোচনা করে ইউসুফকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন। তবে অধিনায়ক সালমান বাট বলছেন, ‘পিসিবির চেয়ারম্যান টেলিফোনে প্রধান নির্বাচক মহসিন খানের সঙ্গে কথা বলেন। এরপর দল ঘোষণা করা হয়। এখানে আমার কোনো সংশ্লিষ্টতা ছিল না।’ এর কারণ সম্পর্কে বাট বলেন, ‘বিশেষ একটা পরিস্থিতিতে আমি সম্প্রতি দলের দায়িত্ব পেয়েছি। কাকে দলে নেওয়া হবে, এ নিয়ে আমার কিছু বলারও ছিল না। তবে ভবিষ্যতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে কথা বলব। দলের ম্যানেজমেন্ট কমিটি ও নির্বাচকেরা মিলে ইউসুফকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছেন।’