ইউসুফের মুখে অন্য কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরো ব্যাপারটাতে যারপরনাই বিরক্ত মোহাম্মদ ইউসুফ। ঢাকায় প্রিমিয়ার ক্রিকেট লিগ খেলতে এসে এ রকম বিতর্কে ফেঁসে যাবেন, সেটা কি আর ভেবেছিলেন? মাঠের ক্রিকেট এখন তদন্ত সংস্থার হাতে। যে বিষয়ে তদন্ত হবে, সেটির কেন্দ্রবিন্দুতে আবার পাকিস্তানের সাবেক এই অধিনায়কের একটি ছাড়পত্র। ওই ছাড়পত্রের বৈধতা নিয়ে প্রশ্ন ওঠাতেই গত ২৮ মার্চের পর থেকে বন্ধ হয়ে আছে লিগ।লাহোর থেকে সংবাদ সংস্থা পিটিআইকে ইউসুফ বলেছেন, ‘বুঝতে পারছি না বিতর্কটা কী নিয়ে। আমাকে ছাড়পত্র দিয়েছে ভিক্টোরিয়া ক্লাব। তাদের হয়ে ঢাকা লিগে খেলানোর জন্য আমাকে সই করানোর পরই তারা এটা পেয়েছে। এখন এটা আসল না ভুয়া, আমি কীভাবে জানব?’ কিন্তু বিতর্ক এড়াতে গিয়ে যে নতুন বিতর্কেই পড়ে গেলেন ইউসুফ! ছাড়পত্র নিয়ে এর আগে বলা কথার সঙ্গে মিলছে না তাঁর নতুন বক্তব্য।পিটিআইকে ‘ভিক্টোরিয়া ছাড়পত্র দিয়েছে’ বললেও গত ২৮ মার্চ আবাহনী-ভিক্টোরিয়া বিতর্কিত ম্যাচের পর ভিক্টোরিয়ার কর্মকর্তাদের পাশে দাঁড়িয়ে ইউসুফ বলেছিলেন, ছাড়পত্রটা গত বছর মোহামেডানের কাছ থেকেই পেয়েছিলেন। নির্দিষ্ট করে তারিখ মনে করতে না পারলেও মিরপুরে সেদিন ইউসুফ বলেছিলেন, ‘সম্ভবত ডিসেম্বরে বা জানুয়ারিতে। তখন আমি পাকিস্তানে ফিরে যাই। ওখানেই ঘরোয়া ক্রিকেট শুরু হয়েছিল। তখন জানতাম না, ঢাকায় আবার ফিরব কি না। পরেরবার আসব কি না, তা-ও নিশ্চিত ছিলাম না। এলেও কোনো কারণে মোহামেডান যদি আমাকে না নেয়...এসব ভেবেই ক্লাব থেকে ছাড়পত্র নিয়ে নিয়েছিলাম।’এখন যা বলছেন, তাতে মনে হচ্ছে না ছাড়পত্র তিনি গতবারই মোহামেডানের কাছ থেকে পেয়েছিলেন। পিটিআইকে ইউসুফ বলেছেন, পুরোনো ক্লাব থেকে ছাড়পত্র পাবেন জেনেই এবার ভিক্টোরিয়ার হয়ে খেলতে রাজি হয়েছিলেন, ‘যেহেতু আন্তর্জাতিক ক্রিকেটের নিয়মটা এ রকমই, আমিও এটা ভেবেই খেলতে গেছি। ভিক্টোরিয়ার কাছ থেকে ছাড়পত্র পেয়েই ঢাকায় খেলতে গেছি। তারা এই ছাড়পত্র নিয়েছে মোহামেডানের কাছ থেকে। এখানে আমার কিছু করার নেই।’২৮ মার্চ ভিক্টোরিয়ার বিপক্ষে ম্যাচটা শেষ করেনি আবাহনী। তাদের অভিযোগ, গতবারের দল মোহামেডানের কাছ থেকে ছাড়পত্র না নিয়েই মিরপুরে সেদিন ভিক্টোরিয়ার হয়ে খেলেছেন ইউসুফ। ভিক্টোরিয়া সিসিডিএমের কাছে যে ছাড়পত্র জমা দিয়েছে, সেটি জাল। মোহামেডানেরও একই দাবি। তারা কোনো ছাড়পত্র দেননি ইউসুফকে। অন্যদিকে ভিক্টোরিয়া শুরু থেকেই বলে আসছে, ইউসুফের ছাড়পত্র বৈধ এবং সেটি গতবার তাঁকে দিয়েছেন মোহামেডানের তৎকালীন ক্রিকেট কমিটির প্রধান লুৎফর রহমান, বর্তমানে যিনি ভিক্টোরিয়ার গভর্নিং কাউন্সিল প্রধানের দায়িত্বে।সংবাদমাধ্যমে ইউসুফের নতুন বক্তব্য জেনে কালই নাকি তাঁকে ফোন করেছেন লুৎফর রহমান। তিনি বলেছেন, ‘ছাড়পত্র গতবারই দেওয়া হয়েছে। এ নিয়ে কোনো সংশয় নেই। আমি ইউসুফকে ফোন করেছিলাম। সে তো বলল, নতুন কিছু নাকি বলেনি।’ কিন্তু ইউসুফ এটাও বলছেন, ছাড়পত্র দিয়েছে ভিক্টোরিয়া! লুৎফর রহমানের ধারণা, মোহামেডানের ক্রিকেট কমিটির সাবেক প্রধান আর ভিক্টোরিয়ার গভর্নিং কাউন্সিলের বর্তমান প্রধান একই ব্যক্তি (তিনি নিজে) হওয়ায় এ বিষয়ে ইউসুফের বক্তব্য অস্পষ্ট মনে হচ্ছে। ‘মোহামেডান কর্মকর্তা হিসেবে গতবার আমিই তাকে (ইউসুফ) ছাড়পত্র দিই। ভিক্টোরিয়ার কাছ থেকে ছাড়পত্র পেয়েছে বলে ইউসুফ সেটাই বোঝাতে চেয়েছেন’—লুৎফর রহমান পরিষ্কার করতে চাইলেন ইউসুফের বক্তব্য।এক মাসের বেশি সময় পেরিয়ে গেলেও প্রিমিয়ার লিগের অচলাবস্থা দূর করতে পারেনি বিসিবি। অগত্যা গত ১ মে জরুরি বোর্ডসভায় বিষয়টা তদন্তকারী সংস্থার হাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে তদন্তের অগ্রগতি সম্পর্কে এখনো কিছু জানতে পারেনি বিসিবি। কাল বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী টেলিফোনে বলেছেন, ‘গত সপ্তাহের শেষ কার্যদিবসে আমরা বিষয়টা বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করি। তারা তাদের তদন্ত সংস্থা দিয়ে এর তদন্ত করবে। আশা করি এই সপ্তাহে আমরা কিছু একটা জানতে পারব।’ছাড়পত্র-বিতর্ক নিয়ে হতাশা প্রকাশ করলেও ইউসুফ বলেছেন, বিষয়টা বিসিবির অভ্যন্তরীণ। কাজেই এ ব্যাপারে পিসিবি বা কোনো আইনজীবীর সহায়তা তিনি নেবেন না। সূত্র: ওয়েবসাইট।