ইউসেবিও থাকছেন না!
মাঠে নেমে জাদু দেখানোর আর উপায় নেই। তবে গ্যালারিতে ইউসেবিওর উপস্থিতিও পর্তুগালের জন্য বাড়তি অনুপ্রেরণার উৎস। এবারে ইউরোতেও এসেছেন। গ্যালারিতেও দেখা গেছে তাঁকে। কিন্তু সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচেই খুব সম্ভবত থাকতে পারছেন না ইউসেবিও। উচ্চ রক্তচাপজনিত কারণে শনিবার পোল্যান্ডের একটি হাসপাতালে ভর্তি হতে হয়েছে পর্তুগালের এই কিংবদন্তিকে। আজ হাসপাতাল ছাড়ার কথা তাঁর। কিন্তু পূর্ণ বিশ্রামের জন্য ইউসেবিওকে দেশে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্তই নেওয়া হয়েছে।৭০ বছর বয়সী ইউসেবিওকে এই বছরই চতুর্থবারের মতো হাসপাতালে নিতে হলো। ফলে এ-সংক্রান্ত খবর উদ্বেগের কারণ তাঁর ভক্তদের জন্য। যদিও কাল পর্তুগাল দলের চিকিৎসক হেনরিক জোন্স বলেছেন, ‘তিনি এখন সুস্থ। আমাদের সঙ্গে কৌতুক করেছেন, কথা বলেছেন। আগামীকাল (আজ) তাঁর হাসপাতাল ছাড়ার কথা। সতর্কতার জন্যই এক দিন অতিরিক্ত হাসপাতালে থাকছেন। সব ধরনের পরীক্ষা করা হয়েছে, রক্ত পরীক্ষা আর এক্স-রেও। সবকিছুই ঠিক আছে।’তবে স্পেনের বিপক্ষে সেমিফাইনালটি মাঠে গিয়ে দেখা হচ্ছে না তাঁর। জোন্স বলেছেন, ‘তাঁর হূৎপিণ্ডের যা অবস্থা, তাতে স্পেনের বিপক্ষে ম্যাচটির জন্য এখানে না থাকাটাই মঙ্গলজনক হবে।’ ইউসেবিওর অনুপস্থিতিটাকে রোনালদোরা অনুপ্রেরণার উৎস করতে পারবেন? এএফপি।