ইউসেবিওকে জোড়া গোল উত্সর্গ রোনালদোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিশ্চিয়ানো রোনালদো
ক্রিশ্চিয়ানো রোনালদো

পর্তুগিজ কিংবদন্তি ইউসেবিও কখনো খেলেননি রিয়াল মাদ্রিদের হয়ে। কিন্তু সদ্য প্রয়াত ‘কালো চিতার’ যোগ্য উত্তরসূরি ক্রিশ্চিয়ানো রোনালদোই যে এখন আলো করে রাখছেন রিয়ালশিবির। বার্নাব্যুতে তাই এ বছরের প্রথম ম্যাচটা এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়েই শুরু করেছিল স্প্যানিশ জায়ান্টরা। শুরুর মতো শেষটাও ইউসেবিওর প্রতি শ্রদ্ধা জানিয়েই করেছে রিয়াল। সেলটা ভিগোর জোড়া গোল করে সেটাও ইউসেবিওর প্রতিই উত্সর্গ করেছেন রোনালদো। ম্যাচটি রিয়াল জিতেছে ৩-০ গোলে। অপর গোলটি করেছেন করিম বেনজেমা।
গতকাল বেশির ভাগ সময় বলের দখল নিজেদের কাছে রাখলেও গোলের দেখা পেতে বেশ কষ্টই করতে হয়েছে রিয়ালকে। সেলটা ভিগোর ডিফেন্ডারদের দুর্দান্ত পারফরম্যান্সে প্রথমার্ধটা কেটেছে গোলশূন্যভাবেই। কয়েকটি সুযোগ পেলেও সেগুলোকে গোলে পরিণত করতে পারেননি বেনজেমা, লুকা মড্রিচ ও অ্যাঙ্গেল ডি মারিয়া। তবে দ্বিতীয়ার্ধে আর হতাশ হতে হয়নি বার্নাব্যুর রিয়াল মাদ্রিদ-সমর্থকদের। ৬৭ মিনিটে বদলি হিসেবে নামা জেসে রদ্রিগেজের ক্রস থেকে বল পেয়ে সেটা জালে জড়াতে কোনো ভুল হয়নি বেনজেমার। শেষপর্যায়ে ইউসেবিওর নামের প্রতি শ্রদ্ধা জানাতেই যেন জ্বলে উঠেছিলেন রোনালদো। ৮২ মিনিটে তিনি করেন ম্যাচের দ্বিতীয় গোলটা। আর শেষ বাঁশি বাজার আগমুহূর্তে গ্যারেথ বেলের সঙ্গে দারুণ সমন্বয়ের ফসল হিসেবে এসেছে রোনালদোর দ্বিতীয় ও ম্যাচের তৃতীয় গোলটি।

ম্যাচ শেষে এই জোড়া গোল ইউসেবিওর স্মৃতির উদ্দেশেই উত্সর্গ করেছেন রোনালদো। তিনি বলেছেন, ‘আমি সবাইকে ধন্যবাদ দিতে চাই। বিশেষ করে স্পেনের মানুষদের, যাঁরা ইউসেবিওর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। তিনি ছিলেন আমার খুব কাছের একজন মানুষ। আর অবশ্যই আজকে আমার গোলগুলো তাঁকেই উত্সর্গ করছি।’— রয়টার্স