ইউসেবিওকে বিদায় নয়, ধন্যবাদ

লিসবনের এস্তাদিও দা লুজ স্টেডিয়ামে স্রোতের মতো আসছে পর্তুগিজ মিছিল। কারও হাতে ফুল, কারও হাতে বাঁধাই করা ছবি। আবার কেউ নীরবে প্রার্থনারত। সবার লক্ষ্য স্টেডিয়ামের ঠিক বাইরেই ব্রোঞ্জের একটা মূর্তি। ফুলে, স্কার্ফে, বাণীতে ছেয়ে গেছে সেটার বেদি। কেউ কেউ হয়তো প্রার্থনা করছেন, ইশ্! যদি কোনো দেবদূত এসে রক্তমাংসের ছোঁয়া লাগিয়ে দিতেন মূর্তিটাতে! কিন্তু সেটা তো আর হওয়ার নয়। মূর্তিটা যাঁর, সেই ইউসেবিও আগের দিনই চলে গেছেন অন্যলোকে। সেখান থেকে কি ভক্তদের এই নিবেদন দেখেছেন মহানায়ক?
‘ব্ল্যাক প্যান্থার’ চলে গেছেন এক দিন আগে। পর্তুগিজ কিংবদন্তির প্রয়াণে শোকের চাঁদোয়ায় ঢাকা পর্তুগাল। তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। লিসবনের সব পতাকা অর্ধনমিত। পর্তুগাল প্রেসিডেন্ট আনিবাল কাভাকো সিলভার শ্রদ্ধা, ‘পর্তুগাল তার সবচেয়ে ভালোবাসার মানুষদের একজন, ইউসেবিও ডা সিলভা ফেরেইরাকে হারিয়েছে। জাতি আজ শোকাচ্ছন্ন।’ কালই এস্তাদিও দা লুজে অন্তিম শ্রদ্ধানিবেদনের জন্য নিয়ে আসা হয়েছে ইউসেবিওর মরদেহ। লিসবনের সেমিনারি গির্জায় শেষকৃত্যানুষ্ঠানটাও পরপরই হয়ে যাওয়ার কথা।
শুধু পর্তুগাল কেন, এক শূন্যতাবোধে আক্রান্ত পুরো ফুটবল-বিশ্বেই। রিয়াল মাদ্রিদ গ্রেট আলফ্রেডো ডি স্টেফানোর আক্ষেপ, ‘একটু তাড়াতাড়িই চলে গেল সে।’ আসলেই, ৭১ বছর বয়স তো এমন কিছু নয়! ’৬৬-এর বিশ্বকাপে ইউসেবিওর পর্তুগাল হারিয়েছিল পেলের ব্রাজিলকে। ইউসেবিওর সঙ্গে সম্পর্কটা কেমন ছিল সেটা শোনা যাক পেলের মুখ থেকেই, ‘ইংল্যান্ডে ১৯৬৬ বিশ্বকাপেই আমরা বন্ধু হয়েছিলাম। বোস্টনে গত ব্রাজিল-পর্তুগাল ম্যাচে শেষ দেখা হয় আমাদের। ইউসেবিওর মৃত্যুটা আমার কাছে ভাই হারানোর মতো।’ ইংলিশ গ্রেট ববি চার্লটন স্মরণ করছেন, ‘সে ছিল সত্যিকারের একজন স্পোর্টসম্যান।’ খেলোয়াড় হিসেবে তো বটেই, এতে মানুষ হিসেবেও ইউসেবিওর মহত্ত্ব বোঝা যায়!

ক্লাব ক্যারিয়ারের সোনালি সময়টা কাটিয়েছেন বেনফিকায়। পর্তুগালে তাই তিনি শুধু ফুটবল কিংবদন্তি নন, এর চেয়েও বেশি কিছু। চেলসির পর্তুগিজ কোচ হোসে মরিনহো মনে করিয়ে দিলেন সেটা, ‘আমার কাছে, আপনার কাছে তিনি সর্বকালের সেরাদের একজন। পর্তুগালে তিনি এর চেয়েও বেশি কিছু।’ ইউসেবিওর মূর্তির সামনে দাঁড়িয়ে থাকা এক প্রবীণের সাক্ষ্য, ‘এই স্টেডিয়ামে আমি ৪৫ বছর ধরে খেলা দেখছি। ইউসেবিও আসলেই অবিশ্বাস্য ছিল। সে কখনোই পেনাল্টি মিস করেনি। ১০০টার মধ্যে ৯৯টি ফ্রি-কিকেই গোল করত।’
এই প্রবীণ না হয় ইউসেবিওকে দেখেছেন। ২৪ বছর বয়সী ভক্ত লুইস মার্কেসরা তো আর দেখেননি। কিন্তু আবেগে থরথর মার্কেসের কম্পিত উচ্চারণ, ‘আমার কাছে ফুটবল মানে উনিই। আমি এখানে বিদায় বলতে আসিনি, ধন্যবাদ দিতে এসেছি।’
ইউসেবিওদের আপনি ধন্যবাদই দিতে পারেন, বিদায় নয়! এএফপি।