ইকার ক্যাসিয়াস: স্পেনের সাফল্যের নায়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইকার ক্যাসিয়াসকে কেন বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষক হিসেবে অভিহিত করা হয়, তা কাল প্যারাগুয়ের বিপক্ষে তিনি সবাইকে বুঝিয়ে দিয়েছেন। ডেভিড ভিয়ার গোলে স্পেন বিশ্বকাপের সেমিফাইনালে উঠে গেলেও প্যারাগুয়ের বিপক্ষে জয়ের নায়ক ক্যাসিয়াসই। খেলার ৫৯ মিনিটের সময় অস্কার কারদোজোর পেনাল্টি শট ঠেকিয়েই তিনি ক্ষান্ত হননি, খেলার একেবারে শেষ মুহূর্তে রক সান্তাক্রুজের একটি নিশ্চিত গোলের শট ঠেকিয়ে তিনি স্পেনের সেমিফাইনাল যাত্রা নিরাপদ করেছেন।দলকে সেমিফাইনালে তোলার মূল নায়ক বনে গেছেন তিনি। ম্যাচের পর থেকেই তিনি ভাসছেন অভিনন্দনে। ক্যাসিয়াস নিজে অবশ্য বিনয়ের সঙ্গেই বলেছেন, ‘ভাগ্য সহায় ছিল দেখেই অমন গুরুত্বপূর্ণ সময়ে দলকে সাহায্য করতে পেরেছি। ভাগ্যের কাছেই আমি কৃতজ্ঞ।’ তিনি অস্কার কারদোজের পেনাল্টিটি ঠেকানোর কৃতিত্ব একা নিতে রাজি নন, এর সিংহভাগ কৃতিত্ব তিনি দিয়েছেন তাঁর সতীর্থ পেপে রাইনাকে। তিনি বলেন, ‘খেলার আগে পেপে রাইনা আমাকে জানিয়েছিল, কারদোজো সবসময় ডানদিকে পেনাল্টি নেয়। পেনাল্টি নেওয়ার সময়ও সে খুব জোরের সঙ্গে মারার চেষ্টা করে।’ ক্যাসিয়াস পেপের উপদেশ অক্ষরে অক্ষরে পালন করেই ফল পেয়েছেন বলে মনে করেন। খেলার শেষ দিকে দুটি ‘রিফ্লেক্স সেভ’ সম্পর্কে বলেন, ‘ওই সেভ দুটিতে ভাগ্যের যথেষ্ট সহায়তা আমি পেয়েছি।’স্পেনের পক্ষে জয়সূচক গোল করা ডেভিড ভিয়া নিজেও ক্যাসিয়াস সম্পর্কে বলেছেন,‘ ইকার সবসময়ই স্প্যানিশ দলে আস্থার প্রতীক। সে গোল পোস্টে থাকলে আমরা নিশ্চিন্ত হয়ে খেলতে পারি। প্যারাগুয়ের বিপক্ষেও সে ছিল দুর্দান্ত।’স্প্যানিশ ডিফেন্ডার কার্লোস মারচেনা বলেছেন, ‘ইকার যে বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষক আজ সে তা প্রমাণ করে দিয়েছে। তাঁর ওপর আমাদের দলের প্রতিটি সদস্যের দুর্দান্ত আস্থা রয়েছে।’যার ছোট্ট একটি ভুলে খেলার ৫৯ মিনিটের সময় প্যারাগুয়ে পেনাল্টি পেয়েছিল, বার্সেলোনার সেই সেন্ট্রাল ডিফেন্ডার জেরার্ড পিকে মন থেকেই কৃতজ্ঞতা জানাচ্ছেন ইকার ক্যাসিয়াসকে। পিকে বলেছেন, ‘ক্যাসিয়াসকে সবসময় আমরা দলের বিপদের মুখে আস্থায় অবিচল থাকতে দেখেছি। তাঁকে ছাড়া স্প্যানিশ দল ভাবাই যায় না।ফার্নান্ডো তোরেস বলেছেন, ‘প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের পর সব কৃতিত্ব কেবল ক্যাসিয়াসই পেতে পারেন।’ইকার ক্যাসিয়াস এর আগে ২০০২ সালের বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে পেনাল্টি ঠেকিয়ে দলকে কোয়ার্টার ফাইনালে তুলে দিয়েছিলেন। এবার অধিনায়ক হিসেবে প্রতিটি ম্যাচে তাঁর অনন্য সাধারণ পারফরম্যান্সে বিশ্বকাপ শিরোপাকে খুব কাছ থেকেই দেখছে স্পেন। স্প্যানিশ ফুটবল ভক্তদের কাছে ক্যাসিয়াসের হাতে সেই সোনার ট্রফিকে কত সুন্দরই না মনে হবে!