ইকুয়েটরিয়াল গিনির স্বপ্নযাত্রা
যে দলটিকে কেউ হিসাবেই রাখেনি, তারাই সবার আগে উঠে গেল কোয়ার্টার ফাইনালে। আর যে দলটা ছিল শিরোপার অন্যতম দাবিদার, তারাই বাদ পড়ল সবার আগে। আফ্রিকান কাপ অব নেশনসের অন্যতম ফেবারিট সেনেগালকে ২-১ গোলে হারিয়ে সহ-স্বাগতিক ইকুয়েটরিয়াল গিনি সবার আগে নিশ্চিত করেছে শেষ আট। বিদায় নিশ্চিত হয়েছে সেনেগালের। অথচ এবারের প্রতিযোগিতার ১৬টি দলের মধ্যে ফিফা র্যাঙ্কিংয়ে সবার পেছনেই ছিল স্বাগতিকেরা (১৫১)।ইকুয়েটরিয়াল গিনির ঐতিহাসিক জয়টি এসেছে নাটকীয়ভাবে। ৮৮ মিনিট পর্যন্ত ১-০ গোলে এগিয়ে ছিল স্বাগতিকেরাই। ৮৯ মিনিটে সেনেগালকে ম্যাচে ফেরায় মুসা সোর গোল। চার মিনিটের ইনজুরি সময় শেষ হওয়ার মুহূর্তেই ডেভিড আলভারেজের গোলে জিতে যায় ইকুয়েটরিয়াল গিনি। এর আগে ৬২ মিনিটে প্রথম গোলটি করেছিলেন ইবান ইয়াঙ্গা। দুই ম্যাচে ৬ পয়েন্ট পাওয়া ইকুয়েটরিয়াল গিনি শেষ ম্যাচে জাম্বিয়ার সঙ্গে ড্র করতে পারলেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যাবে। দুই ম্যাচে জাম্বিয়ার পয়েন্ট ৪।পরশু ‘এ’ গ্রুপের প্রথম ম্যাচটিতে জাম্বিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করে কোয়ার্টার ফাইনালের আশা বাঁচিয়ে রেখেছে লিবিয়াও। ভারী বর্ষণে লিবিয়া ও জাম্বিয়ার ম্যাচটি শুরু হতে দেরি হয় ৭৬ মিনিট। জায়গায় জায়গায় পানি জমে মাঠ হয়ে পড়ে খেলার অনুপযোগী। কোনো রকমে পানি সরিয়ে কাদা মাঠেই শুরু হয় খেলা। খেলার দুই অর্ধের শুরুতেই দুটি গোল করে লিবিয়াকে দুবার এগিয়ে দেন আহমেদ ওসমান (২ ও ৪৭ মিনিট)। প্রথমার্ধে ইমানুয়েল মায়ুকা (২৯) ও দ্বিতীয়ার্ধে অধিনায়ক ক্রিস্টোফার কাটোঙ্গো (৫৪) সমতায় ফেরান জাম্বিয়াকে। এএফপি।