খেলা শুরু হওয়ার পর গড়িয়েছে কেবল ২০ মিনিট। অ্যাঙ্গেল ডি মারিয়ার দুর্দান্ত এক বল প্লের মাধ্যমে প্রাপ্ত থ্রুকে গোলে পরিণত করলেন সার্জিও অ্যাগুয়েরো। এক গোলে এগিয়ে থেকে ইকুয়েডরের ওপর দিয়ে পরের ১০-১১ মিনিটে যেন ঝড় বইয়ে দিল আর্জেন্টিনা। ২০ থেকে ৩২ মিনিটের মধ্যে আরও দুটি গোল এল লিওনেল মেসি ও গঞ্জালো হিগুয়েইনের পা থেকে। ৩২ মিনিটেই খেলা শেষ। একসঙ্গে বিশ্বের সেরা চার ফরোয়ার্ডকে খেলানোর ফল হাতে-হাতেই পেল দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। খেলার ৭৬ মিনিটের সময় অ্যাঙ্গেল ডি মারিয়া আর্জেন্টিনাকে উপহার দিলেন আরও একটি গোল। ৪-০ গোলে ইকুয়েডরকে বিধ্বস্ত করে লাতিন অঞ্চল থেকে ২০১৪ সালে বিশ্বকাপের চূড়ান্ত পর্ব খেলতে ব্রাজিল যাওয়ার পথটা অনেকটাই প্রশস্ত করে রাখল আর্জেন্টিনা।লিওনেল মেসির নিন্দুকেরা একটি অভিযোগ প্রায়ই করেন। অভিযোগটি হলো তিনি তাঁর ক্লাব বার্সেলোনার হয়ে যতটা সপ্রতিভ, নিজ দেশের হয়ে ততটাই নিষ্প্রভ। এই অভিযোগ মিথ্যা প্রমাণে মেসি যেন মরিয়া। আজ বুয়েন্স আয়ার্সে তাঁর খেলায় ছিল ন্যু ক্যাম্পেরই প্রতিচ্ছবি। বল পায়ে তিনি যেন ছিলেন অপ্রতিরোধ্য। আর্জেন্টিনার দ্বিতীয় গোলটির কথাই ধরুন। গ্যাগোর কাছ থেকে বল নিয়ে তিনি প্রচণ্ড গতিতে ইকুয়েডোরিয়ান খেলোয়াড়কে পেছনে ফেলে থ্রু বাড়ালেন হিগুয়েইনকে। ডি বক্সের মধ্যে ওই থ্রু-পাসটি পাওয়ার পর হিগুয়েইন কেবল গোলে বল পাঠানোর বাকি কাজটিই সেরেছেন। কেবল গোল করিয়েই নিজের দায়িত্ব সারেননি মেসি। হিগুয়েইনের সঙ্গে চমত্কার একটি ওয়াল পাস খেলে স্কোর শিটে নিজের নামটিও সদম্ভে লিখে ফেললেন। সব মিলিয়ে বুয়েন্স আয়ার্সের দর্শকেরা আজ প্রাণভরে উপভোগ করেছেন দুর্দান্ত ফর্মে থাকা লিওনেল মেসির ফুটবল-শৈলী।ম্যাচের ২০ মিনিট পর্যন্ত উদ্যম নিয়েই লড়েছে ইকুয়েডর। পাবলো জাবেলাতার ভুল থেকে আর্জেন্টিনার জালে বল প্রায় পাঠিয়েই দিয়েছিল দলটি। কিন্তু ক্রিস্টিয়ান সুয়ারেজের দুর্বল শট আর্জেন্টাইন গোলরক্ষক সার্জিও রোমেরো খুব সহজেই ধরে ফেলেন। ২০ মিনিটের সময় মেসির সঙ্গে চমত্কার ওয়াল পাস খেলে ইকুয়েডরের রক্ষণ-ব্যূহে বল ঠেলে দেন অ্যাঙ্গেল ডি মারিয়া। সেই বল ধরে ইকুয়েডরের গোলরক্ষক আলেকজান্ডার ডমিনগুয়েজকে ফাঁকি দিয়ে জালে পাঠিয়ে দেন সার্জিও অ্যাগুয়েরো। এর পরের ১১ মিনিটে আর্জেন্টাইন ঝোড়ো হাওয়ায় তছনছ হয়ে যায় ইকুয়েডরের রক্ষণ কৌশল। একের পর এক আক্রমণে দিশেহারা হয়ে যায় দলটি। ৩০ মিনিটের মাথায় লিওনেল মেসি গ্যাগোর কাছ থেকে বল পেয়ে তিনজন ইকুয়েডোরিয়ান খেলোয়াড়কে গতির ঝড়ে পেছনে ফেলে বল বাড়িয়ে দেন হিগুয়েইনের কাছে। হিগুয়েইন আর্জেন্টিনাকে এগিয়ে নেন ২-০ গোলে। ৩২ মিনিটের সময় হিগুয়েইনের সঙ্গে ওয়াল খেলে দারুণ এক গোল করেন মেসি নিজে। প্রথমার্ধের ৩২ মিনিটের মধ্যেই ৩-০ গোলে এগিয়ে গিয়ে খেলার যাবতীয় প্রতিদ্বন্দ্বিতা এক কথায় শেষই করে দেয় আর্জেন্টিনা।দ্বিতীয়ার্ধে ইকুয়েডর কিছুটা গা-ঝাড়া দিয়ে ওঠে। এ সময় আর্জেন্টিনা কিছুটা রক্ষণাত্মক হয়ে প্রতি আক্রমণের ওপর জোর দেয়। ইকুয়েডোরিয়ান কোচ বেশ কয়েকটি পরিবর্তন ঘটিয়ে ম্যাচে ফেরার চেষ্টা চালান। কিন্তু সে চেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হয়। ম্যাচের ৭৬ মিনিটের সময় মেসি গা-ঝাড়া দিয়ে ওঠেন আরও একবার দুর্দান্ত এক রানিংয়ে পেছনে ফেলেন চারজন ইকুয়েডোরিয়ান খেলোয়াড়কে। গোলেও শট নেন। কিন্তু তাঁর শটটি জ্যায়রো ক্যামপোসের গায়ে লেগে প্রতিহত হয়। তবে ফিরতি বলে গোলে বল পাঠাতে সময় নেননি অ্যাঙ্গেল ডি মারিয়া।কাল আর্জেন্টিনার অধিনায়কত্বের বন্ধনী ছিল লিওনেল মেসির বাহুতে। ম্যাচ শেষে তাই সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে মেসি বলেন, ‘আমরা সব সময়ই দর্শকদের মনোরঞ্জনের জন্য খেলি। ইকুয়েডরের বিপক্ষে ম্যাচটি কঠিন ছিল কিন্তু শেষ পর্যন্ত আমরা সফল হয়েছি। আমরা আগামী ম্যাচগুলোতেও নিজেদের আরও উন্নয়নের চেষ্টা করে যাব।’নিজের ২৪তম জন্মদিনে দেশের হয়ে গোল করলেন অ্যাগুয়েরো। ম্যাচ শেষে তাই খুশির প্রতিক্রিয়াই ঝড়ে পড়েছে তাঁর কণ্ঠে। বলেছেন, এটি তাঁর জন্য জন্মদিনের একটি চমত্কার উপহার। অ্যাগুয়োরোর খুশির আরও একটি কারণ আছে। সেটি হলো নিজের জন্মদিনের দিন দর্শক-সমর্থকদের মুখে হাসি ফোটানো। তাঁর মতে, ওটাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার।এই ম্যাচ জিতে বিশ্বকাপ বাছাইপর্বে লাতিন অঞ্চলে শীর্ষ অবস্থানেই থাকল আর্জেন্টিনা। পাঁচ ম্যাচে তাদের পয়েন্ট ১০। আর্জেন্টিনার ঠিক পেছনেই আছে চিলি, উরুগুয়ে ও ভেনেজুয়েলা। রয়টার্স।