ইগলদের নজর পুঁচকে তাহিতির দিকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরাসি পলিনেশিয়ার ছোট্ট দ্বীপ। বিমানে চড়ে আধঘণ্টাও লাগবে না গোটা দ্বীপটা চক্কর দিতে! চোখজুড়ানো সৈকত, আকাশছোঁয়া নারকেলবীথি, হাত বাড়ালেই প্রশান্ত মহাসাগরের ফেনিল জলরাশি। তাহিতি পর্যটকদের কাছে এক টুকরো স্বর্গ। কিন্তু কেউ কি ভাবতে পেরেছিল মাত্র পৌনে তিন লাখ জনসংখ্যার এই দেশের জাতীয় সংগীত বাজবে একটা বৈশ্বিক ফুটবল টুর্নামেন্টে? তাও ফুটবলের দেশ ব্রাজিলে? মহাদেশীয় শ্রেষ্ঠদের রণভূমি কনফেডারেশনস কাপে পুঁচকে তাহিতির অংশ নেওয়াটা রীতিমতো রূপকথাই! বেলো হরিজন্তেতে সেই তাহিতিই আজ মুখোমুখি হচ্ছে চারবার বিশ্বকাপে খেলা নাইজেরিয়ার। নিউ ক্যালিডোনিয়াকে হারিয়ে ওশেনিয়া চ্যাম্পিয়ন হওয়ার পরেই তাহিতি হয়ে গিয়েছিল উ ৎ সবের দেশ। যে দেশের ফুটবল দলে মাত্র একজন বাদে বাকি সবাই অপেশাদার, তাদের কাছে উ ৎ সবের বিশাল উপলক্ষ তো হবেই। দলের ‘সবেধন নীলমণি’ পেশাদার ফুটবলার ফ্রেঞ্চ ক্লাব মোনাকোর মানামা ভাহিরুয়া। মজার ব্যাপার, এর আগে ক্লাব ফুটবলে ব্যস্ততার জন্য জাতীয় দলেই খেলেননি এই স্ট্রাইকার। ফুটবলীয় সামর্থ্যে দুই দেশের ব্যবধান আকাশ-পাতাল। নাইজেরিয়া যেখানে আফ্রিকান চ্যাম্পিয়ন, সেখানে তাহিতির এই প্রথম কোনো বড় টুর্নামেন্টে অংশগ্রহণ। ফিফা র্যাঙ্কিংয়েও তাহিতির (১৩৮) চেয়ে অনেক এগিয়ে নাইজেরিয়া (৩১)। কিন্তু উদ্যমের দিক দিয়ে প্রতিপক্ষের চেয়ে এ মুহূর্তে তাহিতিই এগিয়ে! ১০ দিন আগে ব্রাজিলে এসে ক্লান্তিহীন অনুশীলন করেছে দলটি।অনেক নাটক করে নাইজেরিয়া দল ব্রাজিলে এসেছে মাত্র ৩৬ ঘণ্টা আগে। দীর্ঘ ভ্রমণের অবসাদ ‘সুপার ইগলদের’ জেঁকে ধরেছে কি না, সেটা অবশ্য আজই বোঝা যাবে। বোনাসের দাবিতে গত সপ্তাহে দলটি ধর্মঘট করে বসে নামিবিয়ায় বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে গিয়ে। ফুটবল-ঐতিহ্যে বা শক্তির বিবেচনায় লড়াইটা ডেভিড-গোলিয়াথের। কদিন আগে প্রস্তুতি ম্যাচে চিলির অনূর্ধ্ব-২০ দলের কাছে ৭ গোল খেয়ে তাহিতি সেটা স্পষ্টও করে দিয়েছে। দলের ফরোয়ার্ড স্টিভি চংয়ের চিন্তা তাই মান বাঁচানোর, ‘আমার মতো শৌখিন ফুটবলারদের জন্য বিশ্বসেরা ফুটবলারদের সঙ্গে খেলাটা স্বপ্নের মতো। তবে এটা যাতে দুঃস্বপ্ন না হয়, তার সব চেষ্টাই আমরা প্রথম ম্যাচে করব।’পচা শামুকেও তো পা কাটে। সঙ্গে আছে ভ্রমণক্লান্তি। নাইজেরিয়া ডিফেন্ডার এফে এমব্রোসের সাবধানী উচ্চারণ, ‘আমরা কোনো সুযোগ দিতে পারি না। আগেও এসব টুর্নামেন্টে অঘটন ঘটেছে। আমরা আরেকটা শিকার হতে চাই না।’ নাইজেরিয়া জানে তাহিতির সঙ্গে হার দূরে থাক, ড্র করাটাই গণ্য হবে বিশাল অঘটন বলে! এএফপি, ওয়েবসাইট।