ইচ্ছে করে মারেননি জুনিগা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বারবার টিভি রিপ্লে দেখে মনে হয়নি এটা শুধুই একটা ফুটবলীয় ফাউল। পর্যায়ক্রমিক স্থিরচিত্রগুলোও এই বিশ্বাসকেই আরও দৃঢ় করে। গণশত্রু। তবে নেইমার-কাণ্ডের ‘খলনায়ক’ হুয়ান ক্যামিলো জুনিগার দাবি, ইচ্ছে করে ফাউল করেননি তিনি।
পরশুর ম্যাচে শুরু থেকেই হামেস রদ্রিগেজকে কড়া ট্যাকল করেছে ব্রাজিল। দ্বিতীয়ার্ধে কলম্বিয়ানদেরও দেখা গেছে নেইমারের ওপর চড়াও হতে। বিশ্বকাপ শেষ করে দেওয়া ফাউলটাকে বলা যায় সেটিরই ধারাবাহিকতা। ঘটনার স্থিরচিত্রগুলোর একটিতে যেমন দেখা যাচ্ছে, জুনিগার হাঁটু নেইমারের মেরুদণ্ডে, এক হাত ঘাড়ে। যেন ইচ্ছে করেই চেপে বসেছেন পিঠে! তবে জুনিগার দাবি, ‘এটা খুবই স্বাভাবিক ঘটনা, আমি ওকে শ্যাডো করার চেষ্টা করছিলাম। ইচ্ছে করে আঘাত করা তো দূরের কথা, তেমন কিছুর ভাবনাও আমার ছিল না। আমি আমার দেশের জন্য লড়ছিলাম। দুঃখজনকভাবে ব্যাপারটা অমন হয়ে গেল। আশা করি, ঈশ্বরের কৃপায় ও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে।’
জুনিগা নিজেও গত আগস্টে ভয়াবহ এক চোট পেয়েছিলেন নাপোলির হয়ে এক ম্যাচে। হাঁটুতে অস্ত্রোপচারের পর মাঠে ফিরতে লেগে গেছে পাঁচ মাস। নেইমারের চোটটিকেও শুধু ফুটবলীয় দুর্ঘটনাই বলতে চান কলম্বিয়ান ডিফেন্ডার, ‘হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছিল মাঠে। ব্রাজিলও শুরু থেকেই শক্ত মার্কিং করছিল। আর মাঠে আমি আমার জার্সির জন্য খেলি, দেশের জন্য নিজেকে উজাড় করে দিই। ভাবতে পারিনি ওর মেরুদণ্ডে চিড় ধরবে। ব্রাজিলের জন্য, ফুটবল-বিশ্বের জন্য নেইমার দারুণ এক প্রতিভা। আশা করি, খুব গুরুতর কিছু হবে না ওর। চলুন, সবাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি।’ রয়টার্স, ইএসপিএন।