ইজাজ বাটকে ইংল্যান্ডের হুঁশিয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্ট, টি-টোয়েন্টি সিরিজে পরাজয়ের পর ওয়ানডেতেও ৩-২ ব্যবধানে হেরে ইংল্যান্ড সফর শেষ করেছে পাকিস্তান। বিতর্কিত এই সফর শেষে দুই শিবিরেই তিক্ততা ছাড়া অবশিষ্ট নেই আর কিছুই। লর্ডস টেস্টে স্পট ফিক্সিং কেলেঙ্কারির অভিযোগ ওঠার পর ক্রমশই অবনতি হচ্ছে ক্রিকেট অঙ্গনে ইংল্যান্ড-পাকিস্তান সম্পর্ক। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ইজাজ বাটের করা সাম্প্রতিক মন্তব্যের জন্য এবার আইনি পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।লর্ডস টেস্টে সালমান বাট, মোহাম্মদ আমির ও মোহাম্মদ আসিফের বিরুদ্ধে স্পট ফিক্সিংয়ের অভিযোগ ওঠার পর তৃতীয় ওয়ানডেতেও পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার অভিযোগ এনেছিল ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সান। নতুন করে ওঠা এ অভিযোগে ক্ষুব্ধ হয়ে ইজাজ বাট বলেছিলেন, ইংল্যান্ডের খেলোয়াড়েরাই টাকা খেয়ে ম্যাচ হেরেছে। এ সম্পর্কিত তথ্যপ্রমাণও তাঁর কাছে আছে বলে দাবি করেছিলেন তিনি। এই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ইজাজ বাটকে ক্ষমা চাইতে বলেছে। ক্ষমা না চাইলে আইনি পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়ে ইজাজ বাটকে চিঠি পাঠিয়েছে ইংল্যান্ড।ইসিবির প্রধান নির্বাহী ডেভিড কলিয়ার বলেছেন, ‘আমরা আশা করছি তিনি ক্ষমা চাইবেন। যদি সে রকম কিছু না হয়, তাহলে আমাদের অন্য কিছু ভাবতে হবে। উপযুক্ত তথ্যপ্রমাণ ছাড়া কারও সততা নিয়ে প্রশ্ন তোলা যায় না।’—ওয়েবসাইট