ইঞ্জিনের গর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁকে বলা হয় এই জার্মান দলটার ‘ইঞ্জিন’, মানে মূল চালিকাশক্তি। আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে হঠাৎ করেই গর্জন করে উঠল এই ইঞ্জিন। বাস্তিয়ান শোয়েনস্টাইগার মাঠে নিজের কাজটা ঠিকভাবে করে যান সব সময়, কিন্তু কথার লড়াইয়ে প্রতিপক্ষকে ঘায়েল করার চেষ্টা করতে তাঁকে খুব একটা দেখা যায়নি। সেই তিনিই কিনা নিজে যেচে প্রকাশ্যে আর্জেন্টাইনদের সমালোচনা করে বসলেন!এটা একটা কৌশল তো অবশ্যই, তবে ঝুঁকিপূর্ণ কৌশল। কথার ঝড় তোলার পর স্বাভাবিকভাবেই সব মনোযোগ তাঁর দিকেই থাকবে, পারফর্ম করতে না পারলে হয়ে উঠবেন হাসি-ঠাট্টার পাত্র। নিজের ওপর বিশ্বাস কতটা থাকলেই না এমন ঝুঁকি নিতে পারেন, আর বিশ্বাসের প্রমাণটা মাঠেও কী দারুণভাবেই না দিলেন! কেন তাঁকে বলা হয় দলের ‘ইঞ্জিন’, তা আরও একবার বুঝিয়ে দিয়েছেন পরশু। মাঝমাঠ, আক্রমণ, রক্ষণ—কোথায় নেই তিনি! ফরোয়ার্ডদের জন্য বলের জোগান যেমন দিয়েছেন, তেমনি চোখের পলকে নিচে নেমে বল কেড়ে নিয়েছেন আর্জেন্টাইনদের পা থেকে। আর্নে ফ্রেডেরিখের করা জার্মানির তৃতীয় গোলটি তো বলতে গেলে তাঁর একারই অবদান। ডান প্রান্ত দিয়ে আর্জেন্টিনার ডিফেন্স ভেঙেচুরে বক্সে ঢুকে পাস দিয়েছেন ফ্রেডেরিখকে। স্কোরশিটে নাম নেই, তবুও ম্যাচ-সেরা ‘জার্মান ইঞ্জিন’।এই বিশ্বকাপে স্পেনের কেউ একজন ডেভিড ভিয়াকে ছাড়িয়ে গিয়েছে, এটা বিশ্বাস করা কঠিন। তবে অবিশ্বাস্য হলেও সত্যি একটা দিক থেকে ভিয়াকে ছাড়িয়ে গিয়েছেন ইনিয়েস্তা। ভিয়া ম্যাচ-সেরা হয়েছেন একবার, আর ইনিয়েস্তা দুবার! বিশ্বকাপে ভিয়া ছাড়া স্পেনের হয়ে গোলের দেখা পেয়েছেন আর কেবল ইনিয়েস্তাই। চিলির বিপক্ষে ম্যাচে স্পেনের দু গোলের একটি করে সেরা হয়েছিলেন ইনিয়েস্তা। পরশু সেরা হলেন কোনো গোল না করেই। তবে ম্যাচের একমাত্র গোলটিতে আছে তাঁর বড় অবদান। আরেকবার তাঁর শট বাঁ দিকে ঝাঁপিয়ে বাঁচিয়েছেন প্যারাগুয়ের গোলরক্ষক। আগের ম্যাচগুলোতে ছন্দময় খেলতে পারেনি স্পেন, তবে ইনিয়েস্তা ঠিকই ধরে রেখেছিলেন তাঁর ছন্দ। বুসকেটস-জাবি আলোনসো-জাভিরা নিজেদের সেরাটা খেলতে পারেননি, পরশু ইনিয়েস্তার দুর্দান্ত পারফরম্যান্স দলের জন্য তাই ছিল আরও গুরুত্বপূর্ণ। ইনিয়েস্তা অবশ্য একক কৃতিত্ব মানতে নারাজ, ‘ম্যাচ-সেরা নির্বাচিত হওয়ায় আমি খুশি, কিন্তু সতীর্থদের ছাড়া আমি কিছুই করতে পারতাম না। ভিয়াকে জিজ্ঞেস করুন, সেও বলবে সতীর্থদের ছাড়া সে কোনো গোল করতে পারত না। এই দলের সবচেয়ে বড় শক্তিটা হলো আমরা একে অন্যের জন্য লড়াই করি, এটাই আমাদের সাফল্য এনে দেয়।’