ইডেন-ওয়াংখেড়ে নিয়ে দুশ্চিন্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে ইট-বালুর স্তূপ। দেখে যে কারও ভ্রম হতে পারে, এটা একটা যুদ্ধবিধ্বস্ত এলাকা। আসলে তা নয়, এই দৃশ্য কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়ামের। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামটির অবস্থাও নাকি অনেকটা এ রকমই। আইসিসির বিশ্বকাপ ভেন্যু পরিদর্শক দলের দুশ্চিন্তা—এই দুটি মাঠ ২০১১ বিশ্বকাপ শুরু হওয়ার আগে প্রস্তুত হবে তো?স্টেডিয়ামের কাজ শেষ করার জন্য আইসিসি যে সময়সীমা বেঁধে দিয়েছিল তা পার হয়ে গেছে গত ৩০ নভেম্বর। কিন্তু এ মাসের শুরুতে আইসিসির পরিদর্শক দল ইডেন গার্ডেন আর ওয়াংখেড়ে স্টেডিয়ামের কাজ দেখতে গিয়ে যারপরনাই হতাশ হয়েছে। এই দুই মাঠের বেশির ভাগ কাজই এখনো বাকি! জানুয়ারি মাসেও সব কাজ শেষ হবে কি না, এ নিয়ে শঙ্কায় আছের পরিদর্শক দলের প্রধান ক্রিস টেটলি।মাঠ, পিচ আর গ্যালারির কাজ ছাড়াও মাঠের সৌন্দর্যবর্ধন, প্রবেশদ্বার তৈরির কাজও করতে হবে। টুর্নামেন্টের পরিচালক রত্নাকর শেঠি অবশ্য আশ্বাস দিচ্ছেন, দুটি মাঠের কাজই সময়মতো শেষ হয়ে যাবে, ‘আমার বিশ্বাস, জানুয়ারির ১৫ তারিখের মধ্যে সব কাজ শেষ হয়ে যাবে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশ্বকাপের প্রথম ম্যাচ তো হবে তারও দুই মাস পরে! তা ছাড়া এই স্টেডিয়ামের মূল কাজগুলো শেষই হয়ে গেছে।’ ওয়েবসাইট।