ইডেন গার্ডেনে পরবর্তী পরিদর্শন ৭ ফেব্রুয়ারি
বিশ্বকাপের গ্রুপ পর্বের অন্যতম আকর্ষণ ইংল্যান্ড-ভারতের মধ্যকার ম্যাচটি ইতিমধ্যেই কলকাতা থেকে সরিয়ে বেঙ্গালুরুতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। এখন গ্রুপ পর্বের পরবর্তী তিনটি ম্যাচও ইডেন গার্ডেনে অনুষ্ঠিত হবে কি না, সেই ব্যাপারটা নির্ভর করছে আইসিসির পরবর্তী মাঠ পরিদর্শনের ওপর। ৭ ফেব্রুয়ারি শেষবারের মতো মাঠ পরিদর্শন করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে আইসিসি।বিশ্বকাপের ভেন্যু হিসেবে ইডেন গার্ডেনের আরও কী কী কাজ শেষ করতে হবে, সেগুলোর একটা পূর্ণাঙ্গ বিবরণ গত রোববার ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে পাঠিয়েছে আইসিসি। ৭ ফেব্রুয়ারির মধ্যে সে কাজগুলো শেষ না হলে ১৫, ১৮ ও ২০ মার্চ ইডেন গার্ডেনে যে বাকি খেলাগুলো আছে, সেগুলোও অন্য কোথাও স্থানান্তরিত হতে পারে বলেও সতর্ক করে দিয়েছে আইসিসি। ইডেন গার্ডেনের আয়োজক বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশন এর আগেও ৭ তারিখের মধ্যেই কাজ শেষ করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছিল। তবে আইসিসির নতুন এই বিবৃতির পরিপ্রেক্ষিতে তাদের পক্ষ থেকে নতুন কোন বক্তব্য জানা যায়নি। রয়টার্স।