ইডেনে আজ থেকে টেন্ডুলকার-উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একজন রক্তমাংসের মানুষ হয়েও যেন অতিমানব, অন্যজন মোমের মূর্তি। ইডেনের ড্রেসিংরুমের সামনে তাঁর সম্মানে বানানো সেই মূর্তির সামনে দাঁড়িয়ে শচীন টেন্ডুলকার। আলোকচিত্রীদের অনুরোধে অবশ্যই  ওয়েবসাইট
একজন রক্তমাংসের মানুষ হয়েও যেন অতিমানব, অন্যজন মোমের মূর্তি। ইডেনের ড্রেসিংরুমের সামনে তাঁর সম্মানে বানানো সেই মূর্তির সামনে দাঁড়িয়ে শচীন টেন্ডুলকার। আলোকচিত্রীদের অনুরোধে অবশ্যই ওয়েবসাইট

ইডেন গার্ডেনে পরশু বিকেলের ছবি।
অনুশীলনের জন্য ড্রেসিংরুম থেকে বেরিয়ে যাচ্ছেন ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটাররা। আলোকচিত্রীদের কেউ ফিরেও তাকালেন না। সবাই ব্যস্ত গেটের সামনে টেন্ডুলকারের মোমের মূর্তির ছবি তোলায়।
মাঠে ফুটবল খেলতে খেলতেই ক্রিস গেইল কিছুক্ষণ গ্যাংনাম নাচ দেখালেন। অন্য সময় হলে ক্যামেরার শাটার পড়ত খটাখট। কিন্তু এদিন ওসবের সময় নেই। স্টেডিয়ামের গেটের একপাশে টেন্ডুলকারের ২৪ বছরের ক্যারিয়ারের ছবি দিয়ে সাজানো গ্যালারি, মাঠের চারপাশে অনেকগুলো প্রতিকৃতি, সব ছবি তুলে রাখতে হবে যে!
দেখে কে বলবে, এ মাঠে একটা টেস্ট ম্যাচ শুরু হচ্ছে! এ যেন শুধুই ‘টেন্ডুলকার-উৎসব’! যে উৎসবে শামিল হতে অন্য সবকিছু বাদ দিয়ে ভারতে উড়ে যাচ্ছেন ব্রায়ান লারা। যেতে পারেন শেন ওয়ার্নও।
এত আয়োজন, পরশু রাতের এমন আলো ঝলমলে ইডেন দেখে কেউ ভুল করতে পারতেন—কলকাতায় হয়তো দীপাবলি উৎসব এখনো চলছে। যাতে ভুল না হয়, সে জন্যই ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের কোষাধ্যক্ষ বিশ্বরূপ দে আগে থেকে জানিয়ে রাখলেন—দীপাবলি নয়, এসব কিছুই শুধু টেন্ডুলকারের জন্য!
উৎসবের মধ্যমণি যিনি, সেই টেন্ডুলকারের কাছে অবশ্য এ সবকিছুই গৌণ। গত দুই যুগ যেটি তাঁর মনোযোগের কেন্দ্রবিন্দু হয়ে আছে, বিদায়বেলায় এসেও তাতে কোনো পরিবর্তন নেই। ক্রিকেট। সেই একাগ্রতা, সেই অধ্যবসায় ১৯৯তম টেস্টে এসেও এতটাই অটুট যে, যেন দলে জায়গা ধরে রাখার জন্য ঘাম ঝরাচ্ছেন কোনো তরুণ ক্রিকেটার! এত ডামাডোল উপেক্ষা করে নিবিষ্ট মনে অনুশীলন করছেন, আবার কিছুক্ষণ পরই শিখর ধাওয়ানকে ডেকে বুঝিয়ে দিচ্ছেন সুইপ শটে পায়ের মুভমেন্ট কেমন হবে। শুধু নিজের পারফরম্যান্স নয়, জীবনের শেষ দুই টেস্টে জিততে হলে যে দলের বাকিদের সহযোগিতাও লাগবে তাঁর।
কথাটা টেন্ডুলকার জানেন, হয়তো জানেন তাঁর সতীর্থরাও। কিন্তু বাইরের ছবিটা হচ্ছে, টেন্ডুলকার-বিদায়ের উন্মাদনায় এখন বাকি সবাই ম্লান। অন্য সময় হলে হয়তো সদ্য অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি করা রোহিত শর্মার টেস্ট দলে ডাক পাওয়া কিংবা পেসার মোহাম্মদ সামির অভিষেকের সম্ভাবনাই হতো ইডেন টেস্টের মূল খবর।
আর শুধু সতীর্থ কেন, মনে না করিয়ে দিলে কেউ কেউ হয়তো ভুলেই যেতেন এই সিরিজে ভারতের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। নির্ধারিত সূচির বাইরে হঠাৎ করে ভারত সফরের আমন্ত্রণ, তারপর সেখানে গিয়ে এভাবে টেন্ডুলকারের ছায়ায় ঢাকা পড়ে যাওয়াতে যদি কিছুটা আফসোস থেকেও থাকে, সেটা ঠিক বুঝতে দিচ্ছেন না গেইল-ব্রাভোরা। টেন্ডুলকারের যেটা ২০০তম টেস্ট, শিবনারায়ণ চন্দরপলের সেটি ১৫০তম টেস্ট। কিন্তু তাঁর কথা কেউ বলছে কি? সে জন্যই হয়তো এই উৎসব ভন্ডুল করে দেওয়ার হুমকি দিয়ে রাখলেন ওয়েস্ট ইন্ডিজ ম্যানেজার রিচি রিচার্ডসন, ‘আমরা খুব কঠিন খেলব। শেষবার যখন এসেছিলাম, তখনো টেন্ডুলকারের বিপক্ষে আমরা ব্যাট কিংবা বল করতে গিয়ে কোনো ছাড় দিইনি।’
হুমকিটা লুকানো শেষ কথাটাতে। আগেরবার যখন ওয়েস্ট ইন্ডিজ ভারত সফরে এসেছিল, টেন্ডুলকার তখন ক্যারিয়ারের শততম সেঞ্চুরির মাইলফলকের সামনে দাঁড়িয়ে। ২০১১ সালে ২-০ ব্যবধানে সেই সিরিজ হারলেও টেন্ডুলকারকে ঠিকই হতাশায় পুড়িয়েছিল ড্যারেন স্যামির দল। এবারও টেন্ডুলকারের বিদায়কে রঙিন করতে না দেওয়ার প্রতিজ্ঞার কথা ঠারেঠোরে জানিয়ে দিয়েছে তারা।
সেটিতে ক্যারিবীয়রা সফল হোক বা না হোক, এই টেস্ট এবং এর পরের টেস্ট শুধুই টেন্ডুলকারের বিদায়ী সিরিজ হিসেবেই স্মরণীয় হয়ে থাকবে। হয়তো যাওয়ার আগে শেষবারের মতো রাঙিয়ে দিয়ে যাবেন ক্রিকেটকে। কিংবা হয়তো প্রায় তিন বছর টেস্ট সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়েই বিদায় জানাবেন ক্রিকেটকে। হয়তো তাঁকে ছাপিয়ে ব্যাট অথবা বল হাতে নায়ক হয়ে উঠবেন অন্য কেউ! কিন্তু শেষ পর্যন্ত সেই নায়কও বলবেন, আমি টেন্ডুলকারের বিদায়ী সিরিজে এসব করেছি।
ক্রিকেট ঈশ্বরের বিদায় বলে কথা! তথ্যসূত্র: ক্রিকইনফো ও ভারতীয় পত্রপত্রিকা।
ইডেনে টেন্ডুলকার: টেস্ট ১২  রান ৮৬২  সর্বোচ্চ ১৭৬  গড় ৪৭.৮৮  সেঞ্চুরি ২  ফিফটি ৬  উইকেট ৪  গড় ৩৫.৭৫  সেরা ৩/৩১