আট বছর পর ইডেনে ভারত-পাকিস্তান দ্বৈরথ। দুই দলের লড়াই-ই যথেষ্ট, তাতে বাড়তি মসলার প্রয়োজন পড়ে না। তার পরও এই ম্যাচ ঘিরে বাংলার ক্রিকেট সংস্থা (সিএবি) বিশেষ আয়োজনের ব্যবস্থা রেখেছে। চারদিকে সাজ সাজ রব। রাজনীতি থেকে বলিউড—ভারতের বিভিন্ন অঙ্গনের তারকাদের আমন্ত্রণও জানানো হয়েছে। বাংলারই মানুষ হিসেবে রাষ্ট্রপতি প্রণব মুখার্জি নিমন্ত্রণ পেয়েছেন। ডাকা হয়েছিল শচীন টেন্ডুলকারকেও। দুজনই অবশ্য সবিনয়ে অপারগতার কথা জানিয়ে দিয়েছেন। তাতেও একটুও রং হারাচ্ছে না আয়োজনের চাকচিক্য।২০০৪ সালে এ মাঠের সেই ভারত-পাকিস্তান ম্যাচটি ছিল বিসিসিআইয়ের প্লাটিনাম জুবিলি উদ্যাপনের ম্যাচ। এবার সিরিজের দ্বিতীয় ম্যাচ হলেও আজও উপলক্ষ খুঁজে পেয়েছে ইডেন। ১৯৮৭ সালে ভারত-পাকিস্তান লড়াই দিয়েই ওয়ানডে অভিষেক হয়েছিল বিখ্যাত এই মাঠের। সেই ম্যাচের ২৫ বছর পূর্তি উপলক্ষেই এত সব আয়োজন। রজতজয়ন্তীতে দুই দেশের সাবেক-বর্তমান তারকাদের দেওয়া হবে সংবর্ধনা। কপিল-গাভাস্কার-বিশ্বনাথের পাশাপাশি ধোনি-শেবাগরাও সংবর্ধিত হবেন। ওদিকে হানিফ মোহাম্মদ-ইন্তিখাব আলম-ওয়াসিম আকরামদের পাশাপাশি শোয়েব মালিকও থাকছেন। শোয়েবকে সংবর্ধনা দেওয়ার কারণ এ মাঠে তাঁর একমাত্র ম্যাচে ৬১ রানের সেই ইনিংসটি নিশ্চয়ই নয়, বড় কারণ সম্ভবত ভারতের জামাই হয়ে দুই বৈরী দেশের মধ্যে একটা সেতুবন্ধের প্রতীক হয়ে ওঠা।আজ ম্যাচের মাঝবিরতিতে খোলা জিপে করে সংবর্ধিতরা পুরো মাঠে চক্কর দেবেন। এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের হাতে তুলে দেবেন রুপার স্মারক, শাল আর টাই। সংবর্ধিতদের তালিকায় ভিভিএস লক্ষ্মণও কিন্তু আছেন, এ মাঠের সঙ্গে যাঁর সম্পর্ক রোমিও-জুলিয়েটের প্রেমগাথাকেও হার মানায়। এ মাঠে দশ টেস্টে লক্ষ্মণের পাঁচটি সেঞ্চুরি, তিনটি ফিফটি। এর মধ্যে আছে ২০০১ কলকাতা টেস্টে সেই মহাকাব্যিক ইনিংসও। লক্ষ্মণের মতো অবশ্যই নয়, তার পরও ইডেনকে ভালোই মনে রাখবেন ইউনুস খান। আট বছর আগের সেই ওয়ানডেতে শূন্য রানে আউট হয়েছিলেন বটে, কিন্তু দুই টেস্ট খেলে এ মাঠে দুটি সেঞ্চুরিও আছে তাঁর। প্রথম ওয়ানডেতে দারুণ এক ইনিংস খেলা ইউনুস কলকাতায় পা দিয়েই বলেছেন, ‘খোদা চাইলে আরেকটা সেঞ্চুরি পেয়ে যাব।’এ মাঠের সঙ্গে পাকিস্তানের সুসম্পর্কের কথাও বেশ আলোচিত হচ্ছে। এ মাঠে তিন ম্যাচে কখনোই ভারতের সঙ্গে হারেনি পাকিস্তান। তার পরও ভারত-পাকিস্তান দ্বৈরথে উত্তেজনা এত বড় একটা নিয়ামক থাকে, পরিসংখ্যান-টংখ্যানে কিছুই যায়-আসে না। যায়-আসে না বলেই দলকে নির্ভার রাখতে গঙ্গা নদীতে একটা সফরের ব্যবস্থা করতে চেয়েছিলেন কোচ ডেভ হোয়াটমোর। সিএবির উপদেষ্টা হিসেবে কাজ করেছেন কলকাতা নাইট রাইডার্সের কোচ হিসেবেও। এই শহরের সঙ্গে হোয়াটমোর তো দলের খেলোয়াড়দের পরিচয় করিয়ে দিতে চাইতেই পারেন। শেষ পর্যন্ত ‘গঙ্গাযাত্রা’ অবশ্য হয়নি নিরাপত্তার কারণে।পাক-ইডেন সম্পর্ক অটুট থাকলে আজই সিরিজ হেরে যাবে ভারত। তার পরও দলকে নির্ভার রাখার চেষ্টা করছেন কোচ ডানকান ফ্লেচারও। অনুশীলনের বদলে পুরো দলকে দেওয়া হয়েছিল ছুটি। অবশ্য কারণ হিসেবে বলা হয়েছে, বিলম্বিত ফ্লাইটের কারণে দিল্লি থেকে ঠিক সময়ে আসতে পারেননি শেবাগ, গম্ভীর, যুবরাজ, কোহলিসহ আরও বেশ কজন। প্রস্তুতির ঘাটতি থাকতে পারে, কিন্তু আসল মঞ্চের নাটক জমজমাটই যে হবে, তাতে কোনো সংশয় নেই। ইডেনও থাকছে ‘হাউসফুল’। বিক্রি হয়ে গেছে সব টিকিট। ওয়েবসাইট।