ইডেনে খেলা না হওয়ার দায় নেবেন না বিসিসিআই সভাপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতার ইডেন গার্ডেন থেকে বিশ্বকাপের ইংল্যান্ড-ভারত ম্যাচটি সরিয়ে নেওয়ার কোনো দায়ভার নিতে রাজি নয় ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআইর সভাপতি শশাঙ্ক মনোহর গতকাল শুক্রবার এমনটাই বলেছেন। মনোহর পুরো ব্যাপারটিকেই আইসিসির একান্ত নিজস্ব ব্যাপার বলে অভিহিত করেছেন। ‘বিশ্বকাপ আইসিসির আয়োজন। এর ভেন্যু থেকে শুরু করে সবকিছুই আইসিসি নির্বাচন করে। ইডেনের সংস্কার কার্যক্রম আইসিসিই তদারকি করছিল। এর আগেও কয়েকবার আইসিসির পরিদর্শক দল ইডেন পরিদর্শন করে গেছেন। ভারতীয় ক্রিকেট বোর্ডের এতে কোনো সংশ্লিষ্টতাই ছিল না।’ মনোহরের বক্তব্য।শশাঙ্ক মনোহর আরও জানিয়েছেন, আইসিসি কেবল গত বৃহস্পতিবার বিসিসিআইকে জানিয়েছে যে এখানে ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ভারত ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচটি ইডেনে হচ্ছে না।আইসিসি বিসিসিআইর কাছে ইডেনের পরিবর্তে ওই ম্যাচটির জন্য ভিন্ন একটি ভেন্যু চেয়েছে বলে জানান মনোহর। সেই সঙ্গে তিনি এও জানান, ভারত ও ইংল্যান্ডের মধ্যকার খেলাটি ভারতের বাইরে অনুষ্ঠিত হওয়ার কোনোই সম্ভাবনা নেই।এদিকে আইসিসি ইডেন থেকে খেলাটি সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় বিশ্বকাপ আয়োজক কমিটির অন্যতম পরিচালক রত্নাকর শেঠির সঙ্গে টেলি কনফারেন্স করেই। তবে এ সিদ্ধান্তের পেছনে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (ক্যাব) কর্মকর্তাদের অস্বচ্ছ কথাবার্তা ও সংস্কারকাজ শেষ হওয়ার ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তারিখ দিতে না পারাই মূল কারণ বলে জানা গেছে। ক্যাবের কর্তারা আইসিসিকে বলেছিলেন যে তাঁরা ‘আশা করছেন’ ইডেনের কাজ আগামী ২৫ ফেব্রুয়ারির মধ্যেই শেষ হয়ে যাবে। তবে বিশ্বকাপের মতো একটি ইভেন্টের গুরুত্বপূর্ণ একটি ম্যাচের মাত্র দুই দিন আগে স্টেডিয়ামের সংস্কারকাজ শেষ হবে, ব্যাপারটা মেনে নিতে পারেননি আইসিসির কর্তারা। ২৭ ফেব্রুয়ারির ভারত-ইংল্যান্ড ম্যাচ ইডেনে হচ্ছে না—এটা এখন নিশ্চিতই। তবে এখানে আরও যেসব ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেগুলোও এখানে হবে কি না—সেটা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। জানা গেছে, ৩১ জানুয়ারি আইসিসি পরিদর্শক দল আবার ইডেন পরিদর্শনে আসবে। এরপর ১ ফেব্রুয়ারি এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে। ওয়েবসাইট।