বেলা ১১টার দিকে ইডেনের সামনে ট্যাক্সি থেকে নেমে হন্তদন্ত হয়ে ঢুকলাম মাঠে। ১০টা থেকে ভারতের প্র্যাকটিস শুরু হয়ে গেছে। শুরু থেকে দেখতে চেয়েছিলাম। ধেৎ, একটু দেরিই হয়ে গেল! ভেতরে ঢুকে রীতিমতো হতভম্ব। ভারত-পাকিস্তান ম্যাচের প্র্যাকটিসে সাংবাদিকদের গিজগিজে ভিড় থাকার কথা। একজনও তো নেই!
কারণটা বুঝলাম মাঠের দিকে তাকিয়ে। ধোনি-কোহলিদের চিহ্নও নেই। পাঁচ-ছয়জন মাঠকর্মী মাত্রই নেট লাগানোর কাজ শুরু করছেন। নইলে বলা যেত, মাঠ জনমানুষশূন্য। শেষ মুহূর্তে প্র্যাকটিস ভেন্যু বদলে গেল নাকি! একে-ওকে ফোন করতে শুরু করলাম। সবাই দেখি, অন্য কারও সঙ্গে কথা বলায় ব্যস্ত। বেশি প্রয়োজনের সময় এমনই হয়। একবার মেইলটা চেক করে দেখি তো। দেখে মেজাজটাই খারাপ হয়ে গেল! এত তাড়াহুড়ো করে অকারণে ছুটে এলাম। এই যে, সূচি বদলে যাওয়ার কথা জানিয়ে গভীর রাতে মেইল এসেছে। ভারতের প্র্যাকটিস ৩টা থেকে, পাকিস্তান আসবে ৫টায়। কেন যে সকালে একবার চেক করলাম না!
একবার যখন এসেই পড়েছি, ফিরে যাওয়ার মানে হয় না। একটা চেয়ারে বসে শূন্য ইডেন উপভোগ করাই ভালো। প্রতিদিন তো আর এই সুযোগ মেলে না। কত ইতিহাস বুকে নিয়ে শুয়ে আছে এই মাঠ! যা একটু ব্যতিক্রমও। বিশ্বের বিখ্যাত সব মাঠের মধ্যে একমাত্র ইডেনেই মাঠের বাইরে প্র্যাকটিস করার কোনো জায়গা নেই। মাঠের দুই পাশে দুটি করে পিচ বানানো আছে। ওখানেই নেট। একসময় সব মাঠেই এমন ছিল। এখন ইডেন ছাড়া সম্ভবত শুধু মুম্বাইয়ের ওয়াংখেড়েই এই ঐতিহ্য ধরে রেখেছে।
মাঠে ঢোকার সময় ইডেনের বাইরের আবহ দেখেই অবশ্য একটু সন্দেহ হয়েছিল। ভেতরে টিম থাকলে বাইরে টিম বাস থাকে, বড়সড় জটলা, অশ্বারোহী পুলিশ...। সেসবের কিছুই নেই। নিরাপত্তাকর্মীদের মধ্যেও ঢিলেঢালা ভাব। তাঁদের প্রায় অনুনয় করছেন কয়েকজন, ‘দাদা, একটু ভেতরে ঢুকতে দিন না! আমার জন্য দুটি টিকিট রাখা আছে।’ নিরাপত্তাকর্মীরা ধৈর্যের পরাকাষ্ঠা দেখিয়ে একই উত্তর দিয়ে যাচ্ছেন, ‘বলছি তো, ভেতরে কেউ নেই।’
টিকিট! টিকিট!! টিকিট!!!
গত দুই দিন যা কলকাতায় সবচেয়ে বেশি উচ্চারিত শব্দ। ৯ মার্চ ধর্মশালা থেকে ভারত-পাকিস্তান ইডেন গার্ডেনে চলে আসার পর থেকেই বোধ হয় তাই। এমনিতে ইডেনে ম্যাচের আগে উল্টো পাশের ময়দানে মোহামেডান স্পোর্টিং ক্লাব টেন্টের কাউন্টারে ম্যাচের টিকিট মেলে। সেখানে বিশাল একটা ব্যানার ঝোলানো আছে। এই ম্যাচের টিকিট কাউন্টারে বিক্রি হচ্ছে না, অনলাইন ছাড়া আর কোনোভাবে তা পাওয়ার উপায় নেই। তার পরও মাঠে আসার সময় কাউন্টারের সামনে বড় একটা জটলা দেখলাম। গত পরশু সেখানে পুলিশের সঙ্গে টিকিটপ্রত্যাশীদের সংঘর্ষও হয়েছে। ক্ষুব্ধ জনতা ভেঙে ফেলেছে অস্থায়ী টিকিট কাউন্টার।
টিকিট নিয়ে হাহাকারের আঁচ আমার গায়েও লাগছে। গত বুধবার বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ কাভার করে বেরিয়েছি। গলায় অ্যাক্রেডিটেশন কার্ড দেখে এক তরুণ সাইকেল থামিয়ে টিকিটের জন্য কাকুতি-মিনতি করতে শুরু করলেন। কলকাতায় ঘনিষ্ঠ কয়েকজন আত্মীয় আছেন। এতবার ইডেনে ম্যাচ করতে এসেছি, কোনো দিন কেউ টিকিটের আবদার করেনি। এবার কাঁচুমাচু মুখে তাঁদেরও অনুরোধ, ‘২টা টিকিট কি জোগাড় করা সম্ভব!’ আমি বললাম, ‘বাঘের চোখ-টোখ চাইলে একটা চেষ্টা করে দেখা যেত।’ এটা বললাম মুখে। আর মনে মনে বললাম, ঢাকাতেই টিকিট জোগাড় করার ক্ষমতা নেই, আর এখানে! এসবের জন্য আলাদা এলেম লাগে।
শুধু সাধারণ দর্শক নয়, টিকিট নিয়ে কাড়াকাড়ি তো সাংবাদিকদের মধ্যেও। তাঁদের অনেকেও এই ম্যাচে প্রেসবক্সে ঢোকা নিয়ে দুশ্চিন্তায়। অ্যাক্রেডিটেশন কার্ডই যেটির নিশ্চয়তা নয়। প্রতিটি ম্যাচের জন্য আইসিসি চাহিদা ও প্রেসবক্সের জায়গা বিবেচনা করে আলাদা ম্যাচ টিকিট দেয়। তা আইসিসি পাঁচ-ছয় দিন আগেই সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়ে দিয়েছে, ভারত-পাকিস্তান ম্যাচে এই দুই দেশের সাংবাদিক ছাড়া আর কোনো দেশের সাংবাদিকদের প্রেসবক্সে জায়গা হবে না। জায়গা নেই, ভারতেরই অনেক সাংবাদিককে ‘না’ করে দিতে হচ্ছে। এই অনিশ্চয়তা নিয়ে কলকাতায় থাকব নাকি বাংলাদেশ দলের পিছু পিছু বেঙ্গালুরু চলে যাব, এই দোটানায় ভুগে শেষ পর্যন্ত কলকাতাতেই থেকে যাওয়ার সিদ্ধান্তটা ঠিক বলেই প্রমাণিত। ম্যাচ টিকিট পাচ্ছি।
বাংলাদেশের আরও কয়েকজন সাংবাদিকও থেকে গেছেন। তাঁরাও টিকিট পাচ্ছেন বলেই জানি। আইসিসি ভয় দেখানোয় অন্য দেশের সাংবাদিকেরা বোধ হয় আর চেষ্টাই করেননি। কিন্তু বাঙালি কি ভয় পাওয়ার পাত্র! আরেকটা কারণও আছে। বাংলাদেশের পরের ম্যাচের আগে চার দিন বিরতি। তা ছাড়া বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের জন্য এমনিতেই আমরা কলকাতায় আছি। ধর্মশালায় খেলা হলে নিশ্চয়ই যাওয়া হতো না।
ম্যাচটার আবহের সঙ্গে সাজ সাজ রব কথাটা খুব যাচ্ছে। ভারত-পাকিস্তান সব ম্যাচের আগেই তা যায়। টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ হওয়ার পরও এটিকে ঘিরে যেমন বিশেষ আয়োজন। ম্যাচের আগে দুই দলের জাতীয় সংগীত বাজে। এখানে ভারতের জাতীয় সংগীত গাইবেন অমিতাভ বচ্চন, পাকিস্তানেরটা শাফকাত আমানত আলী। সাবেক তারকারাও আসছেন। শোনা যাচ্ছে, দুই দলের চারজন করে অধিনায়ককে নাকি সংবর্ধনা দেওয়া হবে। ইমরান খান, শচীন টেন্ডুলকার, বীরেন্দর শেবাগ নিশ্চিত বলে জানা গেল। কপিল দেবও নাকি থাকবেন। ইমরানের সঙ্গে থাকবেন তাঁর দুই সাক্ষাৎ শিষ্য ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনিস। শেষ দুজন অবশ্য এমনিতেই থাকতেন। আকরাম ধারাভাষ্য দিতে আর ওয়াকার তো পাকিস্তানের কোচই। বক্তৃতাপর্বও থাকছে। ইমরান-টেন্ডুলকার বক্তৃতা দেবেন; মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অমিতাভ বচ্চনও। এমনিতেই এটা খেলার চেয়ে বেশি কিছু, সেটিকে আরও বেশি বানিয়ে ফেলার সব আয়োজনই সম্পন্ন। পুরো কলকাতাই যে আজ ইডেন গার্ডেনে থাকতে চাইছে, এতে তাই অবাক হওয়ার কিছু নেই।
এই সময়গুলোতেই মনে হয়, না, পেশা হিসেবে ক্রীড়া সাংবাদিকতাকে বেছে নিয়ে ভুল করিনি!