ইডেনে বিশ্বকাপের ম্যাচ বাতিল
বিশ্বকাপের তিন আয়োজক দেশের নেতা হলো ভারত। কিন্তু ক্রিকেট-পাগল এই দেশটি বিশ্বকাপ শুরু হওয়ার আগেই পড়ে গেল বড় এক লজ্জায়। আন্তর্জাতিক ক্রিকেটের ঐতিহ্যবাহী কলকাতার ইডেন গার্ডেনকে ২৭ ফেব্রুয়ারির ভারত-ইংল্যান্ড বিশ্বকাপ ম্যাচটির জন্য অযোগ্য ঘোষণা করেছে আইসিসি। বেঁধে দেওয়া সময়ের মধ্যে স্টেডিয়ামের সংস্কারকাজ হয়নি বলেই আইসিসির এই সিদ্ধান্ত। ইডেনে ১৫, ১৮ ও ২০ মার্চ নির্ধারিত বাকি তিনটি ম্যাচের ভবিষ্যৎও পরিষ্কার নয়। ‘এ অবস্থায় ওই ম্যাচগুলোর ব্যাপারেও কোনো সিদ্ধান্ত হয়নি’—বলেছেন আইসিসির এক মুখপাত্র।গ্রুপ পর্বের ভারত-ইংল্যান্ড ম্যাচটি সরিয়ে কোথায় নেওয়া হবে, তা নিয়ে আইসিসি থেকে আপাতত কিছু জানানো হয়নি। আইসিসির প্রধান নির্বাহী হারুন লরগাত শুধু বলেছেন, ভারত-ইংল্যান্ড ম্যাচের নতুন ভেন্যু খুঁজে বের করতে হবে। যদিও এটা কঠিন এক কাজ।লরগাত ইডেনের জন্য দুঃখ প্রকাশ করে বলেছেন, ‘ইডেন গার্ডেনের সংস্কার-প্রক্রিয়ার পর্যাপ্ত অগ্রগতি হয়নি, যাতে আমরা আত্মবিশ্বাস পেতে পারি। বিশ্বকাপের ম্যাচের জন্য তৈরি হতে সব ভেন্যুই পর্যাপ্ত সময় পেয়েছে। আমরা সময় বাড়িয়েছিও। কিন্তু এখন এমন একটা জায়গায় এসে পড়েছি, আর ঝুঁকি নিতে পারি না।’ আইসিসি বলেছে, তাদের আসল দুশ্চিন্তা ক্রিকেট অপারেশনস, মিডিয়া, সম্প্রচার ও স্পনসরশিপ সুবিধাদি নিয়ে।শ্রীলঙ্কার ভেন্যুগুলো নিয়েও উদ্বিগ্ন আইসিসি। তারা জানিয়েছে, শ্রীলঙ্কার ভেন্যুগুলোর কিছু কাজ এখনো বাকি আছে। তবে তিন দেশের মধ্যে আইসিসি বাংলাদেশের ভেন্যুগুলোর কাজের অগ্রগতিতেই বেশি সন্তুষ্ট।ইডেন গার্ডেন নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল আরও আগেই।গত মাসের শেষ দিকে আইসিসি পরিদর্শক দল যখন স্টেডিয়ামের কাজ দেখতে যায়, তখনো শয়ে শয়ে শ্রমিক কাজ করে যাচ্ছিলেন। চারদিকে ছড়ানো-ছিটানো ছিল ইট-বালু-সুরকি আর বড় বড় ক্রেন। নতুন যে দুটি ব্লক তৈরি হচ্ছিল, সেই দুটি ব্লক ঢাকা আছে ভারা দিয়ে। গত মঙ্গলবার পর্যন্তও ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সভাপতি, সাবেক আইসিসি প্রধান জগমোহন ডালমিয়া আশাবাদী ছিলেন কলকাতায় ২৭ ফেব্রুয়ারি ভারত-ইংল্যান্ড ম্যাচ হবে, ‘দেখে মনে হয়েছে, আইসিসির পর্যবেক্ষণ দল ভেন্যু দেখে খুশি। ম্যাচ ২৭ ফেব্রুয়ারি, এর আগেই আমরা কাজ শেষ করে ফেলব।’যে কারণেই হোক ইডেনে ম্যাচ না হওয়াটা ভারতের ভাবমূর্তিকে ক্ষুণ্ন করেছে। বিশ্বের অন্যতম বৃহৎ ক্রিকেট স্টেডিয়াম এটি, এখানেই হয়েছে ১৯৮৭ বিশ্বকাপের ফাইনাল ও ১৯৯৬ বিশ্বকাপের সেমিফাইনাল। সংস্কারকাজের পর যদিও ইডেনের ধারণক্ষমতা দাঁড়াবে ৬৪ হাজারে। এএফপি, ওয়েবসাইট।