ইডেনে ভারত-পাকিস্তান ম্যাচ
প্রায় এক যুগ পেরিয়ে গেছে, কলকাতার ইডেন আন্তর্জাতিক ক্রিকেটের বড় কোনো আয়োজন দেখে না। আইপিএলের কল্যাণে এই ঐতিহ্যবাহী মাঠের গ্যালারিতে একটু প্রাণসঞ্চার হলেও কলকাতার মানুষ আন্তর্জাতিক ক্রিকেটের অভাবটাই বড্ড বাজেভাবে অনুভব করছে। অথচ এই মাঠেই ১৯৮৭ সালের বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল ও ১৯৯৬ সালের বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছিল। আশার কথা, পাকিস্তান ক্রিকেট দলের আসন্ন ভারত সফরে ইডেনে একটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠানের কথা ভাবছে ভারতীয় ক্রিকেট বোর্ড।গত বছর উপমহাদেশে অনুষ্ঠিত বিশ্বকাপে ইডেনে অনুষ্ঠিত খেলাগুলো মন ভরাতে পারেনি কলকাতাবাসীর। ছোট দলের খেলা ফেলে এক অর্থে ইডেনকে অপমানই করা হয়েছিল বলে ধারণা অনেকের। তবে এবার পাকিস্তান দলের পদচারণে মুখরিত হয়ে ইডেন গার্ডেন হয়তো সেই দুঃখ কিছুটা হলেও ভুলতে চাইবে।ইডেনে খেলা না হওয়ার পেছনে যে কারণটা সবচেয়ে বেশি দায়ী, তা হলো দর্শক-হাঙ্গামা। ১৯৯৬ সালের বিশ্বকাপের সেমিফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে ভারত যখন হেরে যাচ্ছিল, তখনকার দর্শক-হাঙ্গামা নিশ্চয়ই এখনো অনেকের স্মৃতিপটে উজ্জ্বল। ১৯৯৯ সালে এই মাঠে শেষবার যখন পাকিস্তান খেলেছিল, তখন দর্শক-হাঙ্গামার কারণে পুরো মাঠ খালি করে খেলা অনুষ্ঠিত হয়েছিল। মূলত দর্শক-হাঙ্গামাই ভারতীয় ক্রিকেট বোর্ডকে ইডেনে খেলা অনুষ্ঠানে নিরুত্সাহিত করে আসছে দিনের পর দিন।পাকিস্তানের আসন্ন ভারত সফরে ইডেনে একটি একদিনের ম্যাচ আয়োজনের দিনক্ষণও ঠিক হয়ে গেছে। ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে, আগামী বছরের ৩ জানুয়ারি ইডেন গার্ডেনে ভারত ও পাকিস্তানের মধ্যকার সিরিজের একটি একদিনের ম্যাচ অনুষ্ঠিত হবে। এদিকে, পাকিস্তানের বিপক্ষে একদিনের ম্যাচের আগেই ইংল্যান্ড ও ভারতের মধ্যকার একটি টেস্ট ম্যাচ এই মাঠে অনুষ্ঠানের চিন্তাভাবনা হচ্ছে বলে জানা গেছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৫ থেকে ৯ ডিসেম্বর ইডেন গার্ডেনে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের অন্যতম টেস্ট ম্যাচটি অনুষ্ঠানের চিন্তাভাবনা চলছে। পিটিআই।