ইডেনে সমতা আনতে মরিয়া ধোনির দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উইকেট দেখেই রীতিমতো আঁতকে উঠলেন মহেন্দ্র সিং ধোনি ও বীরেন্দর শেবাগ। এক মুহূর্তের জন্য হয়তো তাঁদের মনে হয়েছিল ঘরের মাঠে নয়, তাঁরা খেলছেন ইংল্যান্ড কিংবা নিউজিল্যান্ডে। ইডেনের উইকেটে যে পুরু ঘাস! কিউরেটর প্রবীর মুখোপাধ্যায় দাঁড়িয়ে ছিলেন অদূরেই। তাঁকে অবশ্য কিছু বলেননি ভারত দলপতি। দলের সবচেয়ে সিনিয়র ক্রিকেটার শচীন টেন্ডুলকারকে পাঠিয়েছিলেন সরাসরি জগমোহন ডালমিয়ার সঙ্গে কথা বলতে। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের সভাপতি শেষ পর্যন্ত আশ্বাস দিয়েছেন ছেঁটে ফেলা হবে ঘাস। স্বস্তির নিঃশ্বাস ফেলেছে ধোনির বাহিনীও।স্বস্তি তো পাবেনই, র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রাখা আর কেড়ে নেওয়ার সিরিজে ভারতের তো মানসম্মানেই টান পড়ে গেছে। প্রথম টেস্টে ইনিংসে হেরে এখন শঙ্কা ঘরের মাঠে ‘ধবলধোলাই’ হওয়ার। নাগপুরে ব্যাটিং উইকেটেই যা হলো, সবুজ উইকেট পেলে তো ভারতীয়দের ছিঁড়েখুঁড়ে খাবেন স্টেইন-মরকেলরা। র‌্যাঙ্কিং-ট্যাঙ্কিং পরে, আগে তো মান বাঁচাতে হবে। র‌্যাঙ্কিং নিয়ে চিন্তাটা একই রকম গ্রায়েম স্মিথেরও। শীর্ষে ওঠা নয়, ভারতের মাটিতে সিরিজ জয়টাই তাঁর কাছে মুখ্য, ‘ভারতকে ভারতের মাটিতে হারানো সারা জীবনের সুযোগ। এমন সুযোগের সামনে দাঁড়িয়ে আমরা রোমাঞ্চিত। গত সফরে সুযোগটা পেয়েও পারিনি, এবার ব্যর্থ হতে চাই না।’তবে স্মিথের নিজের খেলাটাই নিশ্চিত নয় এখনো। পরশু প্র্যাকটিসে আঘাত পেয়েছেন বাঁ হাতের কড়ে আঙুলে, কাল সেখানে সামান্য চিড় ধরা পড়েছে। তিনি নিজে অবশ্য মাঠে নামতে মরিয়া, মেডিকেল টিমকে বলেছেন, ‘প্রয়োজনে কড়ে আঙুলটা পাঁচ দিনের জন্য কেটে বাদ দিয়ে দিন, তবুও আমি খেলতে চাই।’ কিন্তু বাস্তবতা আর আবেগ তো এক নয়, তাই অনিশ্চিত অধিনায়কের ভাগ্য। টিম ম্যানেজমেন্টের দুশ্চিন্তা আরও বেড়েছে মার্ক বাউচারের ইনজুরিতে। প্রথম টেস্টে দেখা দেওয়া পিঠের ইনজুরিটা কাল নতুন করে মাথাচাড়া দিয়েছে। এ দুজনকে না পেলে শুধু মাঠের লড়াইয়ে নয়, মানসিকভাবেও পিছিয়ে পড়বে সফরকারীরা।ভারতের দুশ্চিন্তা মূলত বোলিং। দুই স্পিনার নাকি তিন পেসার—তারা নিশ্চিত করতে পারেনি কাল পর্যন্তও। ঘাস ছেঁটে ফেলা হলে আবারও দুই স্পিনার নেওয়ার সম্ভাবনাই বেশি। তবে আরেকটা ব্যাপারও মাথায় রাখতে হচ্ছে, সংস্কারকাজের জন্য ইডেনের এক পাশে এখন গ্যালারি নেই। ফাঁকা জায়গা দিয়ে হু হু করে ঢোকা বাতাস পেসারদের বাড়তি সুবিধা দেবেই। এত কিছুর পাশে ধোনির জন্য একটা স্বস্তি, মিডল-অর্ডারে ফিরছেন ভিভিএস লক্ষ্মণ। ওয়েবসাইট।