ইডেনে সাকিব-ঝড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাকিবের আরও একটি স্কুপের চেষ্টা৷ কাল ইডেন গার্ডেনে ৩৮ বলে ৬০ রানের ঝোেড়া ইনিংস খেলার পথে l ক্রিকইনফো
সাকিবের আরও একটি স্কুপের চেষ্টা৷ কাল ইডেন গার্ডেনে ৩৮ বলে ৬০ রানের ঝোেড়া ইনিংস খেলার পথে l ক্রিকইনফো

আগের ম্যাচ শেষে সাকিব আল হাসানকে পিঠে তুলে নাচতে চেয়েছিলেন শাহরুখ খান। তাহলে কাল কী করতে চেয়েছিলেন?
এবারের আইপিএলের প্রতিটি ম্যাচেই নিজেকে একটু একটু করে ছাড়িয়ে যাচ্ছেন বাংলাদেশের সাকিব। ইডেন গার্ডেনসে আগের ম্যাচে অপরাজিত ৪৬ রান করে চেন্নাইয়ের বিপক্ষে কলকাতা নাইট রাইডার্সের জয়ে রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা। একই মাঠে কাল করলেন ৩৮ বলে ৬০। গ্যালারিতে পাঠানো তিন ছক্কা আর পাঁচ বাউন্ডারিই বুঝিয়ে দিচ্ছে বেঙ্গালুরুর বিপক্ষে কতটা আক্রমণাত্মক ছিল সাকিবের ব্যাট।
আইপিএলে এ নিয়ে চার মৌসুম কাটালেও আগের মৌসুমগুলোয় ব্যাটসম্যান সাকিবকে তো সেভাবে দেখেনি আইপিএল, যতটা না তাঁকে বোলার হিসেবে দেখেছে। কিন্তু এবার সাকিব যেন সত্যিকারের এক অলরাউন্ডার । সাকিব মানেই রান। সাকিব মানেই স্পিন-জাদু। সাকিব মানেই জয়!
কালকের আগ পর্যন্ত ৯ ম্যাচ খেললেও ব্যাট করেছিলেন ৭ ইনিংস। রানের ক্রম ১, ৩০*, ২৯*, ০, ২১*, ৯ ও ৪৬*। চার ইনিংসে অপরাজিত থাকায় গড় ছিল ৪৫.৩৩৷ বেঙ্গালুরুর বিপক্ষে কালকের ৬০ রানের পর তা বেড়ে এখন ৪৯। সে তুলনায় বল হাতে সাফল্য একটু কম। কালকের আগে ৯ ম্যাচে উইকেটও ছিল ৯টি। কাল তো উইকেটই পেলেন না। তবে শুধু উইকেট-সংখ্যায় বোলার সাকিবকে মাপা অন্যায়। টি-টোয়েন্টি ক্রিকেটে প্রতিপক্ষের রানের লাগাম ধরে রাখাটাও যে বোলারদের জন্য বিরাট সাফল্য! সাকিব তাতে দারুণ সফল। কাল পর্যন্ত এক ম্যাচে নিজের ৪ ওভারে সর্বোচ্চ রান দিয়েছেন ৩০।

৭ ওভারে ৩ উইকেটে ৫৬ রান—ব্যাট হাতে ঠিক এ রকম একটা পরিস্থিতিতে কাল উইকেটে যান সাকিব। সঙ্গী ওপেনার রবিন উথাপ্পা তখন ১৪ রানে। উথাপ্পা শেষ পর্যন্ত ৫১ বলে ৮৩ রান করে অপরাজিত থাকলেও জয়টা না-ও হাতে উঠতে পারত সাকিবের যোগ্য সমর্থন না পেলে। ইনিংসের অষ্টম ওভারে জুটি বেঁধে সাকিব আউট হয়েছেন ১৯তম ওভারে। চতুর্থ উইকেটে উথাপ্পার সঙ্গে ১১ ওভার ৪ বল কাটিয়ে ১২১ রানের জুটি। কলকাতা নাইট রাইডার্সের স্কোরবোর্ডে শেষ ১০ ওভারে যোগ হওয়া ১০৯ রানে সাকিবেরই বড় অবদান। এক যুযুবেন্দ্র চাহালের করা ইনিংসের ১৫তম ওভারেই তো নিলেন ২৪! প্রথম বলে চার দিয়ে শুরু। দ্বিতীয় বলে লং অন দিয়ে গ্যালারিতে পাঠানো ৯৭ মিটার দূরত্বের প্রথম ছক্কা। ডিপ মিড উইকেট আর লং অনের ওপর দিয়ে ওই ওভারেই এ রকম ছক্কা গেছে আরও দুটি। অবশ্য আইপিএলে সাকিব নিজের প্রথম ফিফটিটা পেয়েছেন আরও পরে। দিন্দার করা ১৮তম ওভারের প্রথম বলে এক্সট্রা কাভার দিয়ে চার মেরেই উদ্যাপন করেছেন সাকিব।
তবে যেভাবে আউট হলেন, তাতে নিজের ওপর নিজেই বিরক্ত হয়ে থাকবেন। বেশ কয়েকবারই স্কুপ করতে গিয়ে ব্যাটে-বলে ঠিকভাবে করতে পারেননি। ১৯তম ওভারে আবু নেসিমের ফুলটসেও একই চেষ্টা করে ব্যর্থ হওয়ার পরের বলেই আবার একই চেষ্টা এবং বোল্ড।
তার পরও ৩০ রানের জয়ে কলকাতা নাইট রাইডার্সের প্লে-অফ নিশ্চিত করে ফেলা ম্যাচটা সাকিবের জন্য একটা মাইলফলক হয়ে থাকবে। কিং খান আর তাঁর মেয়ের জন্যও ম্যাচটা বিশেষ কিছু। ম্যাচ শেষ না হতেই শাহরুখের টুইট, ‘মেয়ের জন্য অনেক উপহার কিনলাম। তবে কেকেআরের জয় সবকিছুকেই হারিয়ে দিল।’
২০১৪ আইপিএলে সাকিব
ব্যাটিং
ইনিংস রান গড় স্ট্রাইকরেট
৮ ১৯৬ ৪৯.০০ ১৫৮.০৬
বোলিং
উইকেট সেরা গড় ইকো.
৯ ২/২২ ২৬.৬৬ ৬.৩১