ইডেনে সেই পুরোনো ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেচারা আলভিরো পিটারসেন! টেস্ট অভিষেক—যেকোনো ক্রিকেটারের আজন্ম লালিত স্বপ্নটা পূরণ হয়েছে। শুধু তা-ই নয়, মাত্র তৃতীয় দক্ষিণ আফ্রিকান হিসেবে অভিষেকে সেঞ্চুরি করে মার্ক বাউচারের ইনজুরিতে পাওয়া সুযোগটাকে কী দারুণভাবেই না কাজে লাগিয়েছেন। অথচ দিনের খেলার শেষ দিকে তাঁকেই কি না দেখা গেল গোমড়া মুখে বসে, ঘটনার আকস্মিকতায় যেন স্তব্ধ। ইডেনে আরও একবার যে সেই পুরোনো রূপে আবির্ভূত ভারত!কী সেই রূপ? এই টেস্টের আগে কতবারই না আলোচনা হয়েছে তা নিয়ে, ২০০১ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে হরভজন সিংয়ের জাদু আর ভারতের সেই অসাধারণ ফেরা। এবারও পিঠ দেয়ালে, দেশের মাটিতে হোয়াইটওয়াশ হওয়ার শঙ্কায় ভারত, আর নির্বিষ বোলিং করে ব্যাপক সমালোচিত হরভজন। কাল ৬৫ ওভার শেষেও কোণঠাসা ভারত, উইকেট নেই ‘ভাজ্জি’র। ওপেনারের পর দুই সেঞ্চুরিয়ানকেও তুলে নিয়েছেন জহির খান। স্মিথরা তবুও বড় স্কোরের পথেই। ৬৫তম ওভারের শুরুতে ৩ উইকেটে ২৫১ দক্ষিণ আফ্রিকা, হঠাত্ করেই যেন ৯ বছর আগে ফিরে গেল ভারত। ৭৭তম ওভারের প্রথম বলে দক্ষিণ আফ্রিকা ৯ উইকেটে ২৬১!শুরুটা আগের টেস্টের মতোই, জহির খানের বলে আবারও ছত্রখান গ্রায়েম স্মিথের স্টাম্প। এর পরই প্রতিরোধ। প্রতিরোধ না বলে অবশ্য পাল্টা-আক্রমণ বলাই ভালো। পিটারসেন-আমলা দুজনেই ছিলেন দারুণ স্বচ্ছন্দ। দুজনের ২০৯ রানের জুটিতে রান এসেছে ওভারপ্রতি ৪.২০। চার বছর আগে ওয়ানডে অভিষেক হলেও পিটারসেন ম্যাচ খেলতে পেরেছেন মোটে ১০টি। নিয়মিত হয়েছেন মাত্রই কদিন, সর্বশেষ তিন ওয়ানডেতেই আছে ফিফটি। এবার টেস্ট দলেও জায়গাটা পাকা করার পথে। ১৬০ বলে সেঞ্চুরি করার পরের ওভারেই অবশ্য আউট হয়ে গেছেন।পিটারসেনের আগেই সেঞ্চুরি পেয়েছেন আমলা। ১১৩ রানের মাথায় গড়েছেন ভারতের বিপক্ষে আউট না হয়ে সবচেয়ে বেশি রান করার রেকর্ড (আগের টেস্টে অপ. ২৫৩)। সেঞ্চুরির পর ইনিংসটিকে অবশ্য খুব একটা বাড়াতে পারেননি তিনিও। চা-বিরতির আগে-পরে এই দুজনের ত্বরিত বিদায়েও ধারণা করা যায়নি কী অপেক্ষা করছিল প্রোটিয়াদের জন্য। হরভজনের টপ স্পিনে লক্ষ্মণের হাতে ক্যালিসের ধরা পড়া দিয়ে শুরু। নিজের পরের ওভারেই টানা দুই বলে ঠিক একইভাবে ফরোয়ার্ড ডিফেন্স করতে গিয়ে এলবিডব্লু প্রিন্স ও ডুমিনি। ডেল স্টেইন হ্যাটট্রিক ঠেকাতে পেরেছেন, তবে বিপর্যয় নয়। উল্টো তাঁর সঙ্গে ভুল বোঝাবুঝিতে রানআউট শেষ ভরসা এবি ডি ভিলিয়ার্স। জেগে উঠলেন মিশ্র ও ইশান্তও। ৭১ ও ৪৩ ওভার বোলিং করার পর সিরিজে উইকেট পেলেন তাঁরা। দক্ষিণ আফ্রিকা তখন ধ্বংসস্তূপ। একপর্যায়ে ১০ ওভারে ৭ রানে হারিয়েছে তারা ৫ উইকেট। শেষ বিকেলের আলোকস্বল্পতাটা একটু স্বস্তি হয়ে এল স্মিথদের জন্য, কাল তো অলআউট হতে হলো না!