ইডেনেই হতে পারে বাকি তিন ম্যাচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত ও ইংল্যান্ডের মধ্যকার ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ম্যাচটি সরিয়ে নেওয়া হয়েছে আগেই। কলকাতার ইডেন গার্ডেন বাকি তিনটি ম্যাচ আয়োজন করার যোগ্য কি না, তা যাচাই করতে গতকাল সোমবার পরিদর্শনে গিয়েছিল আইসিসির পরিদর্শক দল। এক দিন পর জানানো হয়েছে, ইডেনের প্রস্তুতির অগ্রগতিতে সন্তুষ্ট আইসিসি।‘২৫ জানুয়ারি থেকে প্রস্তুতির যে অগ্রগতি হয়েছে, তাতে সন্তুষ্ট আমরা। আমাদের বিশ্বাস, কাজের এই গতি অব্যাহত থাকলে মার্চের আগেই প্রস্তুত হয়ে উঠবে স্টেডিয়ামটি।’ বলেছেন আইসিসির প্রধান নির্বাহী হারুণ লরগাত।শুধু সন্তুষ্টি প্রকাশ করলেই তো হবে না, প্রশ্ন একটাই—ইডেন বাকি তিনটি ম্যাচ আয়োজন করতে পারবে কি না। লরগাতের জবাব, ‘আমরা যে প্রাথমিক রিপোর্ট পেয়েছি তা আশাব্যাঞ্জক। আমার ধারনা, বাকি ম্যাচগুলো ইডেনেই হবে।’ সোমবার আইসিসির দল ইডেন পরিদর্শন করার সময় প্রায় ৫০ জন স্থানীয় ক্রিকেটপ্রেমী কালো পতাকা উড়িয়ে ক্ষোভ প্রকাশ করে। তারা অভিযোগ তোলে, ভারত-ইংল্যান্ড ম্যাচটি ‘ডাকাতি’ করা হয়েছে। এটি করা হয়েছে আইসিসির প্রেসিডেন্ট শারদ পাওয়ারের নির্দেশে। কারণ ভারতীয় ক্রিকেট বোর্ডের রাজনীতি নিয়ে সিএবির প্রধান জাগমোহন ডালমিয়ার সঙ্গে তাঁর দ্বন্দ্ব রয়েছে। পিটিআই।