ইডেনের আশাভঙ্গ
স্বর্গোদ্যানে শেষ পর্যন্ত শূন্যতারই হাহাকার! পুরোপুরি প্রস্তুত হতে যে অতিরিক্তি ১০ দিন সময় চেয়েছিল ইডেন গার্ডেন, আইসিসির দরবারে সেটি নাকচ হয়ে গেছে। ইডেনকে সময় দেওয়ার যে আবেদন ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আনুষ্ঠানিকভাবে করেছিল, আইসিসি আনুষ্ঠানিকভাবেই সেটিকে ‘না’ করে দিয়েছে। ভারত-ইংল্যান্ড ম্যাচ তাই কলকাতায় হচ্ছে না। এ নিয়ে আর বেশি দেনদরবার না করে বিকল্প ভেন্যু খোঁজার কাজ শুরু করে দিয়েছে বিসিসিআই।কলকাতাবাসীকে দুঃসংবাদটি কাল দিয়েছেন হারুন লরগাত। আইসিসির প্রধান নির্বাহী বলেছেন, ‘গতকাল (পরশু) রাতেই আমরা মিস্টার মনোহরের (বিসিসিআই সভাপতি) অনুরোধের জবাব দিয়েছি। জানিয়েছি, আমরা এতে রাজি নই। সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। বিকল্প ভেন্যুর নামও ৩১ জানুয়ারির আগে আমরা জানতে চাই। কারণ, নতুন সেই ভেন্যুতেও আমাদের অবকাঠামোগত সুযোগ-সুবিধাগুলো নিশ্চিত করতে হবে।’ইডেনে আরও তিনটি ম্যাচ হওয়ার কথা। যে তিনটি ম্যাচের কোনোটিই আসলে আর্থিকভাবে খুব একটা লাভজনক নয়। এই তিনটি ম্যাচ শেষ পর্যন্ত ইডেনে হবে কি না, সেটিও নির্ভর করছে প্রস্তুতির জন্য বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে। ২২ ফেব্রুয়ারির মধ্যে স্টেডিয়ামের কাজ শেষ করতে হবে। তাহলে এ মাঠে ১৫ মার্চ (আয়ারল্যান্ড-দক্ষিণ আফ্রিকা), ১৮ মার্চ (আয়ারল্যান্ড-হল্যান্ড) ও ২২ মার্চের (কেনিয়া-জিম্বাবুয়ে) ম্যাচগুলো হতে পারে।আইসিসি অবশ্য আগেই ফাইনালের ভেন্যু মুম্বাইয়ের ওয়াংখেড়েসহ শ্রীলঙ্কার তিনটি ভেন্যুকে অতিরিক্ত ১৪ দিনের সময় দিয়েছে। এই উদাহরণ দেখিয়ে ইডেন অতিরিক্ত ১০ দিন সময় চেয়েছিল। সম্ভবত আইসিসি মনে করছে, এই ১০ দিনেও কাজ শেষ হবে না।লরগাত জানিয়েছেন, ফাইনালসহ তিনটি ম্যাচের ভেন্যু ওয়াংখেড়েকে নিয়ে তাঁদের কোনো দুশ্চিন্তা নেই। কৌতুক করে বলেছেন, ‘সত্যি বলতে কি, এখন পর্যন্ত কাজ যত দূর এগিয়েছে, তাতেই আমি বিস্মিত।’এদিকে লরগাত যখন সরাসরিই ‘না’ বলছেন, আইসিসি প্রেসিডেন্ট শারদ পাওয়ার কিন্তু ঝুলিয়েই রেখেছেন বিষয়টি। বার্তা সংস্থা পিটিআইকে পাওয়ার বলেছেন, চূড়ান্ত সিদ্ধান্ত হবে রোববার, ‘আজ (গতকাল) সন্ধ্যায় আমি প্রতিবেদন পাব। এরপর আইসিসির কমিটি সিদ্ধান্ত নেবে ইডেনে ম্যাচগুলো হবে কি না। বাইরে থেকেও অনেকে খেলা দেখতে আসবে। শেষ মুহূর্তে এসে সিদ্ধান্ত পাল্টালে তাদের ভ্রমণসূচিতেই সমস্যা হবে।’ এএফপি, রয়টার্স, ওয়েবসাইট।