ইডেনের খেলা ব্যাঙ্গালুরুতে
এবার আর ভারতীয় বোর্ডকে হতাশ হতে হলো না। প্রস্তুতি শেষ না হওয়ায় আগামী ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ভারত ও ইংল্যান্ডের মধ্যকার গ্রুপ পর্বের ম্যাচটি কলকাতার ইডেন গার্ডেনে অনুষ্ঠিত হবে না বলে গতকালই আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছিল আইসিসি। ভারতের সুপারিশ ছিল, ম্যাচটি ব্যাঙ্গালুরুতে নিয়ে যাওয়ার। এক দিন পর সেই সুপারিশ মতোই ব্যাঙ্গালুরুতে ম্যাচটি আয়োজনের অনুমতি দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ এই সংস্থা।আইসিসির প্রধান নির্বাহী হারুণ লরগাত জানান, ম্যাচটির ভবিষ্যত্ এখন পরিষ্কার। ইডেন বাকি ম্যাচগুলো আয়োজন করার যোগ্য কি না, তা যাচাইয়ের জন্য স্টেডিয়ামটি পরিদর্শনে যাবে আইসিসির পরিদর্শক দল।ইডেনে বিশ্বকাপ উপলক্ষে চলমান সংস্কারকাজ আগামী ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ভারত ও ইংল্যান্ডের ম্যাচের আগে শেষ হবে না—এই কারণ দেখিয়ে গত বৃহস্পতিবার ওই ম্যাচটি কলকাতার ইডেন গার্ডেন থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় আইসিসি। ভারত সিদ্ধান্তটি পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছিল। অনুরোধ প্রত্যাখ্যাত হওয়ার পরও চেষ্টা তদবির চালিয়ে যেতে থাকে ভারত। কিন্তু কাজ হয়নি কিছুতেই!এদিকে, কলকাতায় অনুষ্ঠেয় বাকি তিনটি খেলার ভবিষ্যত্ নিয়েও সংশয় কাটছে না। কয়েক দিনের মধ্যেই হয়তো জানা যাবে, খেলাগুলো আদৌ কলকাতায় অনুষ্ঠিত হবে কি না। তবে, বিশ্বকাপের যে চারটি খেলা আয়োজনের দায়িত্ব কলকাতা পেয়েছিল, তার মধ্যে ভারত-ইংল্যান্ডের খেলাটিই ছিল সবচেয়ে আকর্ষণীয় ও ‘অর্থকরী’। এই ম্যাচটি সরে যাওয়ায় কলকাতাবাসীর যে বাকি তিনটি খেলা নিয়ে কোনো আগ্রহই অবশিষ্ট থাকবে না, তা তো দিবালোকের মতোই পরিষ্কার। কারণ দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে ছাড়া বাকি তিনটি খেলার প্রতিদ্বন্দ্বী দলগুলো যে সবাই ‘সহযোগী’! ওয়েবসাইট।