টাইব্রেকারটা হলো লটারি। কারও চোখে জুয়া। ভাগ্য সহায় হলে জিততে পারে যেকোনো দলই। পরশু কিন্তু লটারি-ভাগ্যে শেষ হাসি হাসল ম্যাচের যোগ্য দলটিই। টাইব্রেকারে ৪-২-এ জেতা ম্যাচটির শুরুর কিছু সময় বাদে পুরোটিতেই রাজত্ব করেছে ইতালিয়ানরা। নিজেদের চিরায়ত প্রতি-আক্রমণনির্ভর দর্শনের বাইরে গিয়ে ইতালি ম্যাচের আগাগোড়াই খেলল আক্রমণাত্মক ফুটবল। ইংল্যান্ডকে আত্মরক্ষার পথ বেছে নেওয়া ছাড়া কোনো উপায় ছিল না। নাক-মুখ গুঁজে তারা ঠেকিয়ে গেছে আক্রমণ। যেটা করতে গিয়ে স্ট্রাইকার ওয়েইন রুনিকেও দেখা গেল ডিফেন্সিভ মিডফিল্ডারের ভূমিকায়! বালোতেল্লি, কাসানো, দিয়ামান্তি, ডি নাতালেদের সব প্রচেষ্টাই ইংল্যান্ডের রক্ষণদেয়ালে গিয়ে মাথা কুটে মরেছে। কখনো বাধার দেয়াল হয়ে দাঁড়িয়েছেন জন টেরি, কখনো গোলরক্ষক জো হার্ট।গোলপোস্ট অক্ষত রাখার পরিকল্পনায় রয় হজসনের দল সফল। তার পরও ইংলিশদের সৌভাগ্য, নির্ধারিত ৯০ মিনিটের সঙ্গে অতিরিক্ত ৩০ মিনিটেও ইতালিয়ানদের গোলবঞ্চিত রেখে ম্যাচটাকে নিয়ে যেতে পেরেছে টাইব্রেকারে। ম্যাচের শুরুতেই ড্যানিয়েলে ডি রসির ৩৫ গজি শট লাগে পোস্টে। পোস্ট ইতালিয়ানদের বাধা দিয়েছে আরও একবার। অফসাইডের কারণে বাতিল হয়েছে একটি গোলও। বড় কোনো টুর্নামেন্টে ইতালিকে কখনো হারাতে পারেনি ইংল্যান্ড। ইতিহাসের পুনরাবৃত্তির পথে ইতালিয়ানরা কেমন ছড়ি ঘুরিয়েছে, এই তথ্যই তার প্রমাণ। পুরো ম্যাচে ইতালি গোলে শট নিয়েছে ৩৫টি, যার ২০টিই ছিল লক্ষ্যে। বিপরীতে ইংল্যান্ডের শট ছিল ৯টি, লক্ষ্যাভিমুখী মাত্র ৪টি! ৬৪ শতাংশ বল দখল ছিল ইতালিয়ানদের, ইংলিশদের ৩৬ শতাংশ।ম্যাচ শেষে ইতালি কোচ সিজারে প্রানদেল্লি তাই বুক ফুলিয়ে বলতে পারলেন, ‘আমরা অসাধারণ এক ম্যাচ খেলেছি। জয়টা আমাদের পাওনা। তারা (ইতালিয়ান খেলোয়াড়েরা) শুধু দুর্দান্তই ছিল না, তার চেয়েও বেশি করেছে। কিন্তু ম্যাচ যখন পেনাল্টি শ্যুট-আউটে যায়, আপনার কিছুটা ভাগ্যের দরকার হবেই।’ভাগ্যের দোলাচল চলেছে টাইব্রেকারেও। আজ্জুরিদের জয়ের ভিতটা প্রথম গড়ে দেন মারিও বালোতেল্লি। ইংলিশদের সমতায় ফেরান রুনি। দ্বিতীয় শটেই ইতালির ছন্দপতন। মন্তোলিভোর শট উড়ে যায় বাইরে। ইংল্যান্ডকে এগিয়ে দেন অধিনায়ক স্টিভেন জেরার্ড। কিন্তু ইংলিশদের দৌড় এই পর্যন্তই। তাদের পরের দুটি শটই মিস। অ্যাশলি ইয়াংয়ের শট লাগে ক্রসবারে, আরেক অ্যাশলি—কোলের শট ঠেকিয়ে দেন বুফন। অন্যদিকে পিরলো, নসেরিনোর পর দিয়ামান্তির শটও জাল ছুঁলে ইংলিশদের শেষ শটটি নিতেই হয়নি। তার আগেই সেমিফাইনালে ওঠার উৎসবে ভেসেছে ইতালি।আর ১৯৯০ বিশ্বকাপ, ১৯৯৬ ইউরো, ১৯৯৮ বিশ্বকাপ, ২০০৪ ইউরো এবং ২০০৬ বিশ্বকাপের পর আরেকবার ইংলিশদের স্বপ্ন উবে গেল টাইব্রেকার বিভীষিকায়।ইতালিয়ানদেরও টাইব্রেকার-অভিজ্ঞতাও সুখের নয়। যদিও ২০০৬ বিশ্বকাপে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়েই বিশ্বকাপ জিতেছে ইতালি। এবার আবার জয় এল টাইব্রেকারে। এতেই তাদের টাইব্রেকার-জুজুটা কেটে গেল বলা যাচ্ছে না। তা বলা গেলেও এটা সত্য, ১৯৬৮ সালের পর ইউরোতে দ্বিতীয় শিরোপা জয়ের স্বপ্নে বিভোর ইতালিয়ানরা। রয়টার্স, এএফপি।