ইতালি-পর্তুগাল ফাইনাল খেলবে: মানচিনি
প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে ইউরো চ্যাম্পিয়নশিপের এবারের আসর। ১৬ দলের লড়াই শেষে এখন শিরোপা জয়ের দৌড়ে টিকে আছে মাত্র চারটি দল। স্পেন, পর্তুগাল, জার্মানি ও ইতালি। জল্পনা-কল্পনা চলছে কোন দল খেলবে এবারের ফাইনালে। অনেকের মতেই শিরোপা জয়ের চূড়ান্ত লড়াইটা দেখা যাবে দুই ফেভারিট স্পেন ও জার্মানির মধ্যে। কিন্তু রবার্তো মানচিনির প্রত্যাশাটা একেবারেই অন্য রকম। ম্যানচেস্টার সিটির এই কোচের অনুমান, ফাইনালে খেলবে পর্তুগাল ও ইতালি।ইংল্যান্ডকে পেনাল্টিতে হারিয়ে সেমিফাইনালের টিকিট পেয়েছে ইতালি। ২৮ জুন তাদের প্রবল প্রতিপক্ষ দুর্দান্ত ফর্মে থাকা জার্মানি। অন্যদিকে পর্তুগাল, চেক প্রজাতন্ত্রকে ১-০ গোলে হারিয়ে এসেছে শেষ চারের লড়াইয়ে। আর ফাইনালে যাওয়ার লড়াইয়ে তাদের মুখোমুখি হতে হবে গতবারের শিরোপাজয়ী স্পেনের। এই দুই সেমিফাইনালের সম্ভাব্য বিজয়ী হিসেবেই অনেকেই ধরে রেখেছেন স্পেন ও জার্মানিকে। পুরো টুর্নামেন্টেই দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে এই দুই দল। ফিফা র্যাঙ্কিংয়েও পর্তুগাল ও ইতালির চেয়ে এগিয়ে আছে স্পেন ও জার্মানি। কিন্তু তার পরও মানচিনি ফেবারিট মানছেন পর্তুগাল ও ইতালিকে। রাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি বলেছেন, ‘ফাইনালটা হবে ইতালি ও পর্তুগালের মধ্যে। এটা হবে অনেকটা এই মৌসুমের চ্যাম্পিয়নস লিগের মতো। যেখানে ফেবারিট হিসেবে বিবেচিত রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা ছিটকে পড়েছিল।’ ইএসপিএন