ইতালি শুধু হারছেই
এমনিতেই ম্যাচ পাতানোর কেলেঙ্কারিতে জেরবার, তার ওপর ফর্মটাও আজ্জুরিদের ভালো যাচ্ছে না মোটেই। সম্ভাব্য শিরোপাজয়ীদের তালিকায় হয়তো তারা নেই, তাই বলে রাশিয়ার কাছে ৩-০ গোলে হারবে ইতালি? এবারের ইউরোর নকআউট পর্বে ওঠা নিয়েই তাই ঘোর সংশয় ইতালিয়ানদের। এ নিয়ে যে টানা তিন তিনটি প্রস্তুতি ম্যাচ হারল ইতালি! জেনিত সেন্ট পিটার্সবার্গ স্ট্রাইকার আলেক্সান্ডার কারজাকভের গোলে শুরুতেই এগিয়ে যায় রাশিয়া। পরে খেলার শেষের দিকে রোমান শিরোকভের দুই গোলে হারের ব্যবধানটা হয় লজ্জাজনক। স্কোরলাইন কোনো আভাস দেয় না, তবে ইতালির শুরুটা খারাপ ছিল না। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ম্যাচের লাগাম চলে যায় রাশিয়ার হাতে। আরেকটি শোচনীয় পরাজয়ের পর সিজার প্রাণদেল্লি অবশ্য আশ্চর্যজনকভাবে শান্ত, ‘একটু বেশি গোলই হজম করে ফেলেছি আমরা, ভুলও ছিল অনেক বেশি। আশা করি যা হওয়ার তা আজই হয়ে গিয়েছে।’ প্রাণদেল্লি এখনো নিজের ট্যাকটিকাল দুর্বলতাকে বড় করে দেখতে চান না, ‘সমস্যাটা আসলে শুরু হয়েছে আক্রমণভাগ থেকেই। রক্ষণ ও মাঝমাঠের সংযোগ যদি ঠিকমতো না হয়, তবে তো তারা ভুগবেই। ফর্মেশনের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।’ তবে এখনো হাল ছেড়ে দেননি ইতালিয়ান কোচ, ‘ভুলগুলো শুধরে নেওয়ার জন্য আরও পাঁচ-ছয় দিন আছে। আমাদের এখন পা মাটিতে রেখেই কঠোর পরিশ্রম করে যেতে হবে।’ স্পেন, ক্রোয়েশিয়া, আয়ারল্যান্ডের সঙ্গে পড়ায় ভাগ্য খানিকটা সুপ্রসন্ন দেখালেও অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, ইতালিকে পরের রাউন্ডে যেতে হলে পোড়াতে হবে অনেক কাঠখড়।অঘটনের এই রাতে স্বাগতিক ইউক্রেন ও চেক প্রজাতন্ত্রও হেরেছে। অস্ট্রিয়ার কাছে ৩-২ গোলে হেরেছে ইউক্রেন। চেক প্রজাতন্ত্র নিজেদের মাঠে দুর্বল হাঙ্গেরির কাছে হেরেছে ১-২ গোলে। চেক কোচ মিকাল বিলেক অবশ্য হাঙ্গেরিয়ানদের রক্ষণাত্মক মানসিকতাকে পরাজয়ের জন্য দায়ী করেছেন। এএফপি।