ইতালি ‘জুজু’ তাড়াতে চান পোডলস্কি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘদিন ধরে ইতালি একটা দুঃস্বপ্নই হয়ে আছে জার্মানির জন্য। এখন পর্যন্ত বড় কোনো প্রতিযোগিতায় ইতালিকে হারাতে পারেনি জার্মানরা। ইতালির বিপক্ষে জার্মানদের শেষ জয়টা এসেছিল ১৭ বছর আগে। তিনবার শিরোপা-জয়ের খুব কাছাকাছি এসেও জার্মানি বিদায় নিয়েছিল ইতালির কাছে হেরে। এবার আর এ ধরনে ঘটনার পুনরাবৃত্তি চান না লুকাস পোডলস্কি। ইতালিকে হারিয়ে ইতিহাসের যন্ত্রণা ভুলতে চান এই জার্মান স্ট্রাইকার।এর আগে ১৯৭০ বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানি হেরেছিল ৪-৩ গোলের ব্যবধানে। ১৯৮২ বিশ্বকাপের ফাইনালে ইতালির কাছে হেরে শিরোপা বঞ্চিত হয়েছিল তারা। আর ২০০৬ বিশ্বকাপের স্মৃতি তো এখনো জ্বলজ্বল করছে অনেক জার্মান ফুটবলারের মনেই। সেবারও তাঁদের সেমিফাইনাল থেকেই বিদায় জানিয়েছিল ইতালি। তবে পোডলস্কির মতে, এবার আর ইতিহাসের দুঃসহ পুনরাবৃত্তি হবে না। তারা হতে দেবেন না।‘এই হারের চক্র থেকে বেরিয়ে আসার এটাই ভালো সময়। ২০০৬ সালের পর আমাদের অনেক অগ্রগতি হয়েছে। এখন আমাদের দলের দর্শন পুরোপুরি ভিন্ন। আমরা দল হিসেবেও অনেক আলাদা। আর ইতালিয়ানরাও এটা জানে। একটা জিনিস খুব পরিষ্কার। আমরা ফাইনাল খেলতে চাই। কাজেই সে জন্য আমাদের ইতালিতে হারাতে হবে।’ বলেছেন পোডলস্কি।পারফরম্যান্সের বিচারে আজকের ম্যাচে জার্মানিকে এগিয়ে রাখার লোকই বেশি। জার্মানির টানা জয়ের বিপরীতে এবারের ইউরোয় ইতালির জয় মাত্র একটি। কোয়ার্টার ফাইনালে জার্মানি যেখানে গ্রিসকে উড়িয়ে দিয়ে সেমিতে এসেছে, সেখানে ইতালি এসেছে ইংল্যান্ডকে টাইব্রেকারে হারিয়ে। তবে ইতালির বিপক্ষে বড় প্রতিযোগিতায় জার্মানির দুঃসহ অতীতই তাদের মনে শঙ্কা জাগিয়ে চলেছে। এই শঙ্কা জুজু হয়েই চোখ রাঙাচ্ছে জার্মানদের। শেষ পর্যন্ত জার্মানি, ইতালি জুজু কাটাতে পারবে কিনা, তা দেখার জন্য মাঠের লড়াইয়ের দিকেই চোখ রাখতে হবে ফুটবলপ্রেমীদের। ওয়েবসাইট