ইতালিকে আটকে দিয়েছে সুইজারল্যান্ড
মেক্সিকোর বিপক্ষে হারের পর সুইজারল্যান্ডের কাছে আটকে গেল ইতালি। বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের শেষ প্রস্তুত ম্যাচটিও প্রত্যাশামতো হয়নি বিশ্ব চ্যাম্পিয়নদের। গতকাল শনিবার সুইজারল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ইতালি। তবে এই ড্র থেকেও বিশ্বকাপ জয়ের সম্ভাবনা দেখতে পারেন ইতালির কোচ মার্সেলো লিপ্পি। কাকতালীয় হলেও ১৯৮২ ও ২০০৬ সালে বিশ্বকাপ জয়ের আগে সুইজারল্যান্ডের সঙ্গেই ওয়ার্ম আপ ম্যাচে একই ব্যবধানে ড্র করেছিল ইতালি!গতকালের ম্যাচটিতে উত্তেজনা বলতে যা ছিল প্রথমার্ধেই। শক্তির বিচারে পিছিয়ে থাকলেও মাত্র ১০ মিনিটের মাথায় গোল করে সুইজারল্যান্ডকে এগিয়ে নেন গোখান ইনলার। ২০ গজ থেকে তাঁর করা শট ঠেকাতে পারেননি ইতালির গোলরক্ষক। তবে সুইজারল্যান্ডকে বেশিক্ষণ এগিয়ে থাকতে দেননি ফাবিও কুয়াগলিয়ারেল্লা। মাত্র চার মিনিট পর গোল করে ইতালিকে সমতায় আনেন এই স্ট্রাইকার।এখানেই যেন ছন্দ হারিয়ে ফেলেন বিশ্ব চ্যাম্পিয়নেরা। এলোমলো খেলা চালিয়ে শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় তাঁদের। এদিন দলের বেশির ভাগ নিয়মিত ফুটবলারকে বিশ্রামে রেখে মাঠে নেমেছিল ইতালি। তবে এটিকে নিজেদের দ্বিতীয় দল হিসেবে উল্লেখ করতে নারাজ লিপ্পি। রয়টার্সকে তিনি বলছেন, ‘মেক্সিকোর বিপক্ষে ম্যাচের পর কয়েকজনকে বিশ্রামে রেখেছি। এটিকে দ্বিতীয় দল হিসেবে দেখার কোনো কারণ নেই। সবাই ইতালির অংশ।’