ইতালিকে উড়িয়ে গ্রুপসেরা ব্রাজিল

শেষ চার নিশ্চিত হয়েছিল আগেই। গত রাতে ব্রাজিল ও ইতালির লড়াইটা ছিল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার। সেই লড়াইয়ে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের কাছে উড়ে গেছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি।
নেইমার আর ফ্রেড-জাদুতে ব্রাজিলের জয় ৪-২ গোলে। গ্রুপ পর্বের তিন ম্যাচের তিনটিতেই জয়—‘এ’ গ্রুপের সেরা দল হয়েই কনফেডারেশনস কাপের সেমিফাইনালে উঠল স্বাগতিকেরা। এর সুবাদে বোধ হয় ফাইনালে ওঠার লড়াইয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে এড়াল ব্রাজিল।
প্রথমার্ধের নির্ধারিত ৪৫ মিনিটে কোনো গোল হয়নি। গোলের দেখা মেলে যোগ করা সময়ের প্রথম মিনিটে গিয়ে। গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন দান্তে। একরাশ স্বস্তি নিয়ে প্রথমার্ধ শেষ করে স্বাগতিকেরা।
প্রথমার্ধের এই স্বস্তি অবশ্য ব্রাজিলীয়রা হারায় দ্বিতীয়ার্ধের খেলা শুরুর কিছুক্ষণের মধ্যেই। ৫১ মিনিটে ইতালিকে সমতায় ফেরান ইমানুয়েলে গিয়াচ্চেরিনি। তবে চার মিনিট পরই ফ্রি-কিক থেকে দুর্দান্ত এক গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন দলের প্রাণভোমরা নেইমার। ৬৬ মিনিটে স্কোরলাইন ৩-১ করেন ফ্রেড। পাঁচ মিনিট পর ব্যবধান কমান ইতালির চিলিনি। কিন্তু শেষরক্ষা হয়নি। ৮৯ মিনিটে ফ্রেড দ্বিতীয়বারের মতো আঘাত হানলে ৪-২-এ পিছিয়ে পড়ে ইতালি।
ব্রাজিলের বিপক্ষে বড় হারের পরও ক্ষতি হয়নি ইতালির। কারণ, শেষ চার নিশ্চিত হয়েছিল আগেই। একটা দিক থেকে অবশ্য অস্বস্তিতে আছে ইতালীয়রা। শেষ চারের লড়াইয়ে তাদের প্রতিপক্ষ হতে পারে যে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন! সূত্র: রয়টার্স।
ব্রাজিল-ইতালি ম্যাচের সবগুলো গোল উপভোগ করতে নিচের ভিডিও দেখুন।