ইতালিকে বিদায় দিল উরুগুয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উপলক্ষটা বড় হলেই যেন গোলের নেশায় পেয়ে বসে ডিয়েগো গডিনকে। অ্যাটলেটিকো মাদ্রিদকে লা লিগা এনে দেওয়ার পর তাঁর একমাত্র গোলেই কাল বিশ্বকাপে শেষ ষোলোর টিকিট পেয়ে গেল উরুগুয়ে। কর্নার থেকে উড়ে আসা বলটাকে হেড করে জালে পাঠিয়েই নাতালের দুনাস অ্যারেনায় উল্লাসে মাতলেন উরুগুইয়ান অধিনায়ক l ছবি: রয়টার্স
উপলক্ষটা বড় হলেই যেন গোলের নেশায় পেয়ে বসে ডিয়েগো গডিনকে। অ্যাটলেটিকো মাদ্রিদকে লা লিগা এনে দেওয়ার পর তাঁর একমাত্র গোলেই কাল বিশ্বকাপে শেষ ষোলোর টিকিট পেয়ে গেল উরুগুয়ে। কর্নার থেকে উড়ে আসা বলটাকে হেড করে জালে পাঠিয়েই নাতালের দুনাস অ্যারেনায় উল্লাসে মাতলেন উরুগুইয়ান অধিনায়ক l ছবি: রয়টার্স

আগেই জানা ছিল, দুই সাবেক চ্যাম্পিয়নের একটিকে বিদায় নিতে হবে। দ্বিতীয় রাউন্ডের টিকিট পেতে জিততেই হতো উরুগুয়েকে, ইতালির দরকার ছিল কেবল ড্র। দশজনের দল হয়ে যাওয়ার পরও রক্ষণদুর্গ গড়ে বুফন-কিয়েলিনিরা প্রায় রুখে দিয়েছিলেন সুয়ারেজ-কাভানিদের। তবে নাতালে কাল তবু শেষ রক্ষা হলো না ইতালির! ৮১ মিনিটে উরুগুইয়ান অধিনায়ক ডিয়েগো গডিনের গোল বিদায় ঘণ্টা বাজিয়ে দিল চারবারের চ্যাম্পিয়নদের।
ম্যাচের ৫৯ মিনিটে উরুগুয়ে মিডফিল্ডার আরেভালো রিওসকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন ইতালির মিডফিল্ডার ক্লদিও মার্কিসিও। তবু একজন বেশি নিয়ে খেলার সুবিধা কাজে লাগাতে পারছিল না অস্কার তাবারেজের দল। বলার মতো একটাই সুযোগ পেয়েছিল দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা, কিন্তু ৬৬ মিনিটে লুইস সুয়ারেজের শট দারুণ দক্ষতায় ফিরিয়ে দিয়েছেন চিরসবুজ বুফন।
অবশেষে ত্রাতা হয়ে এলেন গডিন। লা লিগায় বার্সেলোনার সঙ্গে অঘোষিত ফাইনালে তাঁর হেডেই শিরোপা পেয়েছিল অ্যাটলেটিকো মাদ্রিদ। কাল নয় মিনিট বাকি থাকতে গ্যাসটন রামিরেজের কর্নার থেকে সেই গডিনের বুলেট হেড বুফনকেও ফাঁকি দিয়ে খুঁজে নেয় ইতালির জাল। তবে ভাগ্যকে ধন্যবাদ দিতে পারে উরুগুয়ে। গোলের ঠিক আগের মিনিটে ইতালি ডিফেন্ডার জর্জো কিয়েলিনিকে কামড়ে দিয়েছিলেন লুইস সুয়ারেজ। সেটা কীভাবে যেন এড়িয়ে গেছে রেফারি মার্কো রড্রিগেজের চোখ! তবে তদন্তের পর যদি ফিফা সুয়ারেজকে বড়সড় কোনো শাস্তি দেয়, বিশ্বকাপের বাকি পথচলাটুকু কঠিন হয়ে যেতে পারে উরুগুয়ের।
জয়ের ফলে গ্রুপ ‘ডি’ থেকে রানার্সআপ হয়ে শেষ ষোলোতে উঠে গেল উরুগুয়ে। অথচ প্রথম ম্যাচ কোস্টারিকার কাছে ৩-১ গোলের হারের পর তাদের সামনে ছিল বিশ্বকাপ থেকে বিদায়ের চোখ রাঙানি।
দ্বিতীয় পর্বে উরুগুয়ে মুখোমুখি হবে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন দলের। অন্যদিকে ইংল্যান্ডের সঙ্গে গোলশূন্য ড্র করে এই বিশ্বকাপের বিস্ময় কোস্টারিকা প্রথম পর্ব শেষ করল গ্রুপের শীর্ষে থেকে। তিন ম্যাচে সাত পয়েন্ট পাওয়া দলটি হারেনি একবারও।