ইতালিকে মিস করছেন ইব্রা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই তো গত মৌসুমেই এসি মিলান ছেড়ে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইঁয়ে (পিএসজি) নাম লিখিয়েছেন সুইডিশ তারকা জ্লাতান ইব্রাহিমোভিচ। দারুণ পারফরম্যান্সে পিএসজিকে জিতিয়েছেন ফরাসি লিগের শিরোপা। কিন্তু এরই মধ্যে নাকি ইব্রা তাঁর পুরোনো কর্মক্ষেত্র ইতালি ও ইতালীয় জীবনধারা ‘মিস’ করতে শুরু করেছেন। নতুন মৌসুমে তিনি ইতালির কোনো দলে খেলার ব্যাপারে আগ্রহী কি না, সে ব্যাপারে অবশ্য পরিষ্কার কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন ইব্রাহিমোভিচ।ইতালির বিখ্যাত ক্রীড়াদৈনিক ‘গেজেত্তো দেল্লা স্পোর্তো’র সঙ্গে এক আলাপচারিতায় ইব্রাহিমোভিচ বলেন, ‘আমি ক্লাব পরিবর্তন করব কি না, এটা জানতে চান? সত্যি কথা বলতে, আমি আসলে এ ব্যাপারে কিছুই জানি না। অনেক কিছুই ঘটতে পারে, তবে কী ঘটবে, এই মুহূর্তে আমার পক্ষে বলা সম্ভব নয়।’তিনি বলেন, ‘এতটুকু জেনে রাখুন, আমি ইতালির জীবনধারা, সিরি আ ইত্যাদি খুব মিস করি। ইতালিকে আমি আমার দ্বিতীয় দেশ বলে মনে করি। আমি ইতালির তিনটি প্রধান ক্লাব—জুভেন্টাস, ইন্টার ও এসি মিলানে খেলেছি। এদের হয়ে সাফল্য পেয়েছি। আমি জানি, ইতালিতে ফুটবলার হওয়াটা সত্যিই অনেক সম্মানের, গৌরবের।’প্যারিস সেন্ট জার্মেইঁয়ের সঙ্গে তিন বছরের চুক্তি ইব্রাহিমোভিচের। এক বছর চলে গেল দেখতে দেখতে, বাকি আর দুই বছর। কিন্তু ইব্রাহিমোভিচ জানেন না, তিনি পিএসজিতে তাঁর চুক্তির মেয়াদ শেষ করবেন কি না। তিনি বলেছেন, ‘চুক্তির এখনো দুই বছর বাকি। এ সময়ের মধ্যে যেকোনো কিছুই ঘটে যেতে পারে।’এর পরপরই ইব্রাহিমোভিচের স্বগতোক্তি, ‘আমি দীর্ঘদিন একটি ক্লাবে থাকতে চাই। কিন্তু সেটা হচ্ছে না, আমাকে বারবার দল পরিবর্তন করতে হচ্ছে।’ইতালিকে আলাদাভাবে নিজের মনের গভীরে স্থান দেওয়ার মূল কারণটা অবশ্য ফুটবলীয়। ইব্রাহিমোভিচের মতে, ইউরোপের অন্য দেশগুলোর তুলনায় ইতালির ফুটবল সংস্কৃতিটা একেবারেই ভিন্ন। ইতালীয়রা ফুটবলের ব্যাপারে খুব গোঁড়া, খুব আবেগী। ব্যাপারটা আমাকে দারুণ টানে। সূত্র: গোল ডটকম।