ম্যাচটা জিতলেই ক্রোয়েশিয়া উঠে যেত কোয়ার্টার ফাইনালে। ইতালির জন্যও শেষ আটে যাওয়ার স্বপ্ন ভালোভাবে বাঁচিয়ে রাখতে জয় জরুরি ছিল। কিন্তু পোজনানে কাল কোনোটাই হলো না। ‘সি’ গ্রুপের ম্যাচে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ল দুই দল।প্রথমার্ধে ক্লদিও মারকিসিওর দুটো চেষ্টা পর পর ফিরিয়ে দিয়েছিলেন ক্রোয়াট গোলরক্ষক স্টাইপে প্লেটিকোসা। ফেরাতে পারলেন না আন্দ্রে পিরলোকে। ম্যাচের ৩৯ মিনিটের সময় ২৫ মিটার দূর থেকে নেওয়া ফ্রি কিকে পিরলোর দেওয়া গোলেই এগিয়ে গিয়েছিল ইতালি। খেলার গতির সঙ্গে মানানসই ছিল গোলটা। ক্রোয়েশিয়ার সীমানায় বারবার বিপজ্জনক হানা দিচ্ছিল ইতালি। গোলে অনুবাদ হলো কেবল ওটাই। ২০০৪ সালের পর ফ্রি কিক থেকে এটাই সরাসরি প্রথম গোল ইউরোতে। রয়টার্স।দ্বিতীয়ার্ধে ক্রোয়েশিয়া ফিরিয়ে দিল সেই গোল। ম্যাচের ৭২ মিনিটের সময় ইভান স্ট্রিনিচের ক্রস ইতালির ডিফেন্ডার কিয়েলিনির মাথার ওপর দিয়ে এসে পড়ে মারিও মান্দজুকিচের পায়ে। ‘ডি’ বক্সের ভেতর থেকে বল জালে জড়িয়ে টুর্নামেন্টে নিজের তৃতীয় গোলটা করে ফেলেন মান্দজুকিচ, ম্যাচেও আনেন সমতা। এবারের ইউরোতে এখন পর্যন্ত এটাই সর্বোচ্চ গোল। ৪ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপে ক্রোয়েশিয়াই শীর্ষে ছিল এই ম্যাচের পর। দুই ম্যাচে ইতালির পয়েন্ট ২।