ইতালিকে রুখে দিল নিউজিল্যান্ড
বিশ্বচ্যাম্পিয়ন ইতালি নিউজিল্যান্ডকে হারাতে পারেনি। পুরো ম্যাচে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে খেললেও নিজেদের তুলনায় অনেকটাই নিচুসারির দল নিউজিল্যান্ডের বিপক্ষে আরো একটি ড্র ‘আজ্জুরি’দের বিশ্বকাপ স্বপ্নকে করে তুলেছে অনেকটাই অনিশ্চিত। দ্বিতীয় রাউণ্ডে যেতে হলে শেষ ম্যাচে স্লোভাকিয়ার বিপক্ষে অবশ্যই জিততে হবে ইতালিকে। ‘এফ’ গ্রুপে ইতালির বিপক্ষে ড্র করে এবং স্লোভাকিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউণ্ডের পথে বেশ কিছু পথ এগিয়ে গেছে প্যারাগুয়ে। আজকের ড্র নিউজিল্যান্ডকেও সম্ভাবনার তালিকায় রেখে দিয়েছে। পরের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে তাই জয়টা বেশ প্রার্থিতই ‘কিউই’দের কাছে।খেলার সাত মিনিটে অধিনায়ক ফ্যাবিও ক্যানাভারোর একটি অমার্জনীয় ভুলে গোল হজম করে ইতালি। নিউজিল্যান্ডের পক্ষে গোলটি করেন শেন স্মেলজ। গোল খেয়ে আঘাত পাওয়া বাঘের মতোই কিউই পাখিদের ওপর ঝাপিয়ে পড়ে বর্তমান চ্যাম্পিয়নেরা। কিন্তু একজন ভালো ফিনিশারের অভাবে নিউজিল্যান্ডের রক্ষণব্যুহ ভেদ করা ইতালির পক্ষে সম্ভব হয়নি। খেলার ২৯ মিনিটের সময় প্রাপ্ত পেনাল্টি থেকে গোল পরিশোধ করে দেন ভিনসেনজা ইয়াকুইন্তা। বক্সের মধ্যে নিউজিল্যান্ডের টমি স্মিথ ইতালির ড্যানিয়েল ডি রসিকে ফেলে দিলে গুয়েতেমালার রেফারি কার্লোস বাত্রেজ পেনাল্টির নির্দেশ দেন।পেনাল্টি থেকে গোল পরিশোধ করে ইতালি নিউজিল্যান্ডের রক্ষণভাগে একের পর এক আক্রমণ চালাতে থাকে। নিউজিল্যান্ডের গোলরক্ষক মার্ক প্যাাস্টন খুব সম্ভবত আজ তাঁর জীবনের সেরা ম্যাচটি খেলেছেন। ‘চীনের প্রাচীরে’র মতো দাঁড়িয়ে বিশ্বের অন্যতম সেরা দলের ফরোয়ার্ডদের আক্রমণ তিনি প্রতিহত করতে থাকেন নিপুন হস্তে। দ্বিতীয়ার্ধে কোচ মার্সেলো লিপ্পি জিয়ানপাওলো পািজনি, অ্যান্তোনিও ডি নাতালে ও মাউরো কামারোনাসিকে নামালে ইতালীয়দের আক্রমণের ধারা যথেষ্টই বৃদ্ধি পায়। কিন্তু ইতালির সামনে বাধা হয়ে দাঁড়ান নিউজিল্যান্ডের রক্ষণভাগের খেলোয়াড়েরা ও গোলরক্ষক প্যাস্টন। হয়তো নেইলস্প্রুইটের বিকেলটিও বিশ্বচ্যাম্পিয়নদের ছিলনা। তাই ফিফা র্যাংকিংয়ে ৭৮তম স্থানে থাকা নিউজিল্যান্ডের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের।