ইতালিকে রুখে দিল নিউজিল্যান্ড
ইতালির ফুটবলে কাল ছিল শোকের দিন। ১৯৭০ বিশ্বকাপে রানার্সআপ দলের সদস্য রবার্তো রজাতো মারা গেছেন গতকালই। গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে বাহুতে কালো বন্ধনী আর হূদয়ে শোককে শক্তি করার প্রেরণা নিয়ে মাঠে নেমেছিল মার্সেলো লিপ্পির দল। কিন্তু শোকটাই বোধ হয় জয়ী হলো শেষে! টানা দ্বিতীয় ম্যাচে ১-১ গোলে ড্র করল চ্যাম্পিয়নরা।র্যাঙ্কিংয়ে ৭৩-এর ব্যবধান। ম্যাচটি যেমন একতরফা হওয়ার কথা ছিল, তা-ই হলো। পুরো ম্যাচে ইতালি পেয়েছে ১৫টি কর্নার, নিউজিল্যান্ড একটিও নয়। ২৩টি শট নিয়েছে ইতালি, ৫টিই গোলে। নিউজিল্যান্ড গোলে শট নিয়েছে তিনটি, প্রথমটিই দিয়েছে ফল। ৭ মিনিটেই নিউজিল্যান্ডকে এগিয়ে দিয়েছেন শেন স্মেলজ।ম্যাচের শুরুর দিকেই এগিয়ে যাওয়ার পর ‘অল হোয়াইট’দের উল্লাস বলে দিচ্ছিল ইতালিকে আগে গোল দিতে নেই—এই প্রতিষ্ঠিত সত্যটা তারা জানে না। আগের চারটি বিশ্বকাপে প্রথমে গোল খাওয়া ম্যাচের কোনোটাই ইতালি হারেনি। হারল না কালও। কিন্তু এই ম্যাচে ড্র কোনো সান্ত্বনা হতে পারে না। তবুও ভাগ্য, ২৯ মিনিটে ইতালির একমাত্র গোলটি এসেছে পেনাল্টি থেকে, ইকুইন্তার পায়ে।দুর্ভাগ্যও তাদের। ২৬ মিনিটে মন্তোলিভোর শট গিয়ে লাগে বাঁয়ের পোস্টে। প্রথমার্ধের শেষ দিকে ডি রসির জোরালো শট ঠেকিয়ে দেন প্যাস্টন। দ্বিতীয়ার্ধে মন্তোলিভো ও কামারোনেসির দুটি শটও ঠেকিয়ে দিয়েছেন দুর্দান্তভাবে। ঠেকিয়েছেন দ্বিতীয়ার্ধের শুরুতেই বদলি হিসেবে নামা ডি নাতালের দারুণ একটা ভলিও। ম্যাচের প্রায় পুরোটা সময় রক্ষণ সামলাতে ব্যস্ত নিউজিল্যান্ড পাল্টা আক্রমণে তিনটি সুযোগও তৈরি করেছিল। ৮২ মিনিটে ক্রিস উড অঘটন ঘটিয়েই ফেলেছিলেন প্রায়। কিন্তু বক্সের বাঁ দিক থেকে নেওয়া তাঁর কোনাকুনি শট ডান পোস্টের ইঞ্চিখানেক দূর দিয়ে বেরিয়ে গেলে ড্রয়েই জয়ের আনন্দ খুঁজে নিতে হয় ২৮ বছর পর বিশ্বকাপ খেলতে আসা দলটিকে।ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কিউই অধিনায়ক রায়ান নেলসেনের কণ্ঠে ঝরল সেই উচ্ছ্বাস, ‘অবিশ্বাস্য! হয়তো দৃষ্টিনন্দন ছিল না, কিন্তু আমার সতীর্থরা অসাধারণ দৃঢ়তা আর সাহস দেখিয়েছে। সবাই নিজেকে এতটাই উজাড় করে দিয়ে খেলেছে, কী বলব, আমি ভাষাহীন। এই ম্যাচের পর আমরা দ্বিতীয় রাউন্ডে যাওয়ার স্বপ্ন দেখছি।’নিউজিল্যান্ড কোচ রিকি হারবার্ট নিজেদের দুর্ভাগাই ভাবছেন, কারণ পেনাল্টি সিদ্ধান্তটি নিয়েই প্রশ্ন আছে তাঁর। এই জায়গা লিপ্পির সঙ্গে তাঁর দারুণ মিল। দুর্ভাগা তিনি ভাবছেন নিজেদেরও, এতগুলো সুযোগ আর গোলে শট নিয়েও তিন পয়েন্ট না পাওয়ায়। তবে টানা দুই ম্যাচে ডিফেন্ডারদের ভুলে গোল খেয়ে যাওয়ায় উদ্বেগও প্রকাশ করলেন। অথচ এই ডিফেন্সই গতবার শিরোপা জিতিয়েছিল ইতালিকে।