ইতালিকে রুখেদিল হাইতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২-১ গোলে হারের পর ২-২ গোলে ড্র। এমনিতে এই ফলের জন্য উচ্চকণ্ঠ হওয়ার কিছু নেই। কিন্তু যখন জানবেন, এই ফলটা বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি বিশ্ব ও ইউরো চ্যাম্পিয়ন স্পেন এবং ইতালির বিপক্ষে হাইতি নামের এক পুঁচকের, চমকে উঠতেই হয়। ক্যারিবিয়ানের ছোট্ট দেশ হাইতি। আয়তন ২৭ হাজার ৭৫০ বর্গ কিলোমিটার। ফিফা র‌্যাঙ্কিংয়ে ৬৩ নম্বরে থাকা দলটি ফুটবল-বিশ্বে আলোচনার খোরাক হয়েছিল একবারই, জায়গা করে নিয়েছিল ১৯৭৪ বিশ্বকাপে। তবে হেরেছিল গ্রুপ পর্বের তিন ম্যাচেই। সেই হাইতি বিশ্বকে চমকে দিল পর পর দুই ম্যাচে স্পেন ও ইতালির ঘাম ঝরিয়ে। গত শনিবার স্পেনের সঙ্গে লড়াই করে (২-১) হারার পর পরশু ইতালিকে রুখে দিল ২-২ গোলে। চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের সঙ্গে ড্রটাও ২-০ গোলে পিছিয়ে পড়ার পর। অথচ ম্যাচের ১৯ সেকেন্ডেই গোল খেয়ে পিছিয়ে পড়েছিল হাইতি। ইতালি না পারলেও কনফেডারেশনস কাপের প্রস্তুতিপর্বে স্পেন জয় পেয়েছে পরশুও। বিশ্ব চ্যাম্পিয়নরা দুই বদলি খেলোয়াড় রবার্তো সালদাদো ও হুয়ান মাতার গোলে ২-০ ব্যবধানে হারিয়েছে আয়ারল্যান্ডকে।আগামী পরশু শুরু হচ্ছে কনফেডারেশনস কাপ। বিশ্বকাপের মহড়া টুর্নামেন্টটির প্রস্তুতি নিতে গত সোমবারই ব্রাজিলে পৌঁছেছে ইতালি। ব্রাজিলে পা রাখার ৩৬ ঘণ্টা পরই মাঠে নামতে হওয়ায় ভ্রমণক্লান্তি তো ছিলই। কোচ সিজারে প্রানদেল্লি একাদশও সাজিয়েছিলেন অধিকাংশ নিয়মিত খেলোয়াড়কে বাইরে রেখে। তার পরও ১৯ সেকেন্ডেই ইতালিকে এগিয়ে দেন ইমানুয়েলে জাকেরিনি। ৭৩ মিনিটে ২-০ করেন ক্লদিও মারকিসিও। শেষ দিকে ২ গোল করে জয়সম ড্র নিয়ে মাঠ ছাড়ে হাইতি। ৮৫ মিনিটে পেনাল্টি থেকে গোলের পর সমতাসূচক গোলটি যোগ করা সময়ে।ব্রাজিলে নয়, স্পেন কনফেডারেশনস কাপের প্রস্তুতি সারছে যুক্তরাষ্ট্রে। নিউইয়র্কের ইয়াঙ্কি স্টেডিয়ামে ইকার ক্যাসিয়াসের হলো উল্টো অভিজ্ঞতা। হাইতির বিপক্ষে প্রথম একাদশে নামলেও দ্বিতীয়ার্ধে তাঁর পরিবর্তে নামানো হয় লিভারপুলের পেপে রেইনাকে। এদিন আয়ারল্যান্ডের বিপক্ষে শুরুতে নামলেন বার্সেলোনার গোলরক্ষক ভিক্টর ভালদেস, ক্যাসিয়াস দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে। কোচ দেল বস্ক এমন পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছেন আক্রমণভাগেও। ম্যাচ শেষে বলেছেন, কনফেডারেশনস কাপে গোলপোস্টে, আক্রমণভাগে কাকে নামাবেন, সিদ্ধান্ত এখনো নেননি। দলের পারফরম্যান্সে দেল বস্ক খুশি। হারলেও বিশ্ব ও ইউরোপীয় চ্যাম্পিয়নদের বিপক্ষে পারফরম্যান্সে খুশি আয়ারল্যান্ডের ইতালিয়ান কোচ জিওভান্নি ত্রাপাত্তোনিও। রয়টার্স, এএফপি।