লাভ-ক্ষতির হিসাবে এ ম্যাচের খুব একটা গুরুত্ব ছিল না। সালভাদরের অ্যারেনা ফন্তে নোভায় নামার আগেই সেমিফাইনাল নিশ্চিত করে রেখেছিল ব্রাজিল-ইতালি। তাহলে আর এই ম্যাচের মহিমা কোথায়? ফন্তে নোভার গ্যালারিতে কেন উপচে পড়া দর্শক?দুটি কারণে। এক. বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে এড়িয়ে যাওয়ার ইচ্ছাটা ছিল দুই দলেরই। এই ম্যাচ থেকে পয়েন্ট না পেলে সেটা প্রায় অসম্ভব। দুই. যে দুটি দলের মধ্যে ম্যাচ তারা মিলিতভাবে নয়বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন। বিশ্বফুটবলের সবচেয়ে কুলীন দুই দলের লড়াই কি কখনো গুরুত্বহীন হতে পারে?অবিশ্বাস্য নেইমার, জ্বলে ওঠা ফ্রেড আর ঘরের ছেলে দান্তের চমকে সেই ‘হেভিওয়েট’ লড়াইয়ে ৪-২ গোলে জয়ী ব্রাজিল। স্পেনকে এড়ানো গেছে। যদিও সেটা খুব বড় কিছু নয়। কনফেডারেশনস কাপ জিততে হলে একসময় না একসময় স্পেন বাঁধা টপকাতেই হবে। কিন্তু পরশু রাতে ইতালিকে হারিয়ে ব্রাজিল জানিয়ে দিল, মারাকানা স্টেডিয়াম থেকে সহজেই কনফেডারেশনস কাপ নিতে পারবে না অন্য কোনো দল। এমনকি স্পেনও। আজ্জুরিদের হারিয়ে টুর্নামেন্টে টিকে থাকা বাকি সবাইকে সেই সতর্কবার্তাই দিলেন ব্রাজিল কোচ লুইস ফেলিপে স্কলারি, ‘আমি বলব না যে আমরা বিশ্বকাপের জন্য প্রস্তুত। কিন্তু আমার মনে হয় কনফেডারেশনস কাপের সেমিফাইনালের জন্য আমরা তৈরি।’টুর্নামেন্ট শুরুর আগে খারাপ ফর্ম র্যাঙ্কিংয়ে ইতিহাসের নিকৃষ্টতম স্থানে নামিয়ে দেয় ব্রাজিলকে। পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়নরা পড়ে গেছিল অনন্ত চাপে। প্রথম দুই ম্যাচেই সেটা দূর করে ব্রাজিল ছন্দে ফিরল যাঁর নৈপুণ্যে, পরশু রাতে সেই নেইমার আলো ছড়ালেন আবারও। ৫৫ মিনিটে সরাসরি ফ্রি-কিক থেকে যে গোলটা করেছেন সেটা কিছুক্ষণের জন্য স্তম্ভিত করে রাখে ইতালির গোলরক্ষক জিয়ানলুইজি বুফনকেও। এর আগে প্রথমার্ধের শেষের দিকে ব্রাজিলের করা প্রথম গোলটাতেও নেইমারের অবদান। তাঁর করা ফ্রি-কিক থেকে হেড করেছিলেন ফ্রেড। বুফন প্রথম দফায় সেটা ফিরিয়ে দিলেও দান্তের ফিরতি শট আর ফেরাতে পারেননি। ডেভিড লুইজের চোটের কারণে ৩৪ মিনিটেই বদলি নামা ডিফেন্ডার দান্তের প্রথম আন্তর্জাতিক গোল। আগের দুই ম্যাচে দুর্দান্ত খেলা আন্দ্রেয়া পিরলো ছিলেন না চোটের কারণে। কোচ সিজারে প্রানদেল্লি বিশ্রামে রেখেছিলেন ড্যানিয়েলে ডি রসিকেও। তার পরও বিরতির পর মাঠে নেমেই ৫১ মিনিটে বালোতেল্লির অসাধারণ ফ্লিকে বল পেয়ে সেই গোল শোধ করে দিয়েছিলেন ইমানুয়েলে জাকেরিনি। আর তার পরই নেইমারের সেই অসাধারণ ফ্রি-কিক। এই নিয়ে কনফেডারেসনস কাপে টানা তিন ম্যাচে গোল করা শিষ্যকে নিয়ে উচ্ছ্বসিত স্কলারিও, ‘ব্রাজিল ও সারা বিশ্বে যাঁরা ফুটবলপ্রেমী আছেন সে (নেইমার) তাদের সবার নায়ক। আজও সে দারুণ খেলেছে। এ রকম প্রতিভা যাঁদের আছে তাঁরা একাই ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারে।’ নেইমার ব্যবধান গড়ে দেওয়ার পর ৬৬ মিনিটে মার্সেলোর পাস থেকে সেটি আরও বাড়িয়েছেন ফ্রেড। তবে ৭১ মিনিটে জর্জো কিয়েল্লিনির গোলে ব্যবধান কমিয়ে শেষ মুহূর্তে নাটকীয়তার আভাস দিয়েছিল ইতালি। কিন্তু ওই পর্যন্তই। ৮৮ মিনিটে ফ্রেড নিজের দ্বিতীয় গোলটা করে বন্ধ করে দেন ইতালির ম্যাচে ফেরার সব পথ। বেলো হরিজন্তে স্টেডিয়ামে পরশু রাতে মেক্সিকো-জাপান ম্যাচটা শুধুই নিয়ম রক্ষার হলেও নাটকীয়তার কমতি ছিল না সেখানেও। আগের দুই ম্যাচে যাঁকে খুঁজে পাওয়া যায়নি সেই হাভিয়ের হার্নান্দেজই করেছেন মেক্সিকোর দুটি গোল, শেষ মুহূর্তে নষ্ট করেছেন পেনাল্টিও। তবে তাতে মেক্সিকোর জয় আটকায়নি। ২-১ গোলে হেরে একেবারে খালি হাতেই শেষ হলো জাপানের কনফেডারেশনস কাপ অভিযান। এএফপি।