
ইংল্যান্ডে মনটা বিষিয়ে উঠেছিল তাঁর। অবশেষে ইংল্যান্ড ছেড়ে ইতালিতে পাড়ি জমানোর পর কার্লোস তেভেজ ঘোষণা করেন—এবার দেখা যাবে তাঁর আসল রূপ। ইতালিতে আসলেই ফুল হয়ে ফুটছেন তেভেজ। আর্জেন্টাইন ফরোয়ার্ড গোল করেছেন পরশুও। এ নিয়ে জুভেন্টাসের হয়ে প্রতিযোগিতামূলক তিন ম্যাচেই গোল করলেন তেভেজ।একই মাঠে না হলেও পরশু গোল-উৎসব করেছেন আরেক আর্জেন্টাইনও। রিয়াল মাদ্রিদ ছেড়ে নাপোলিতে নাম লেখানো গঞ্জালো হিগুয়েইন পেয়েছেন সিরি ‘আ’তে নিজের প্রথম গোল। তবে তেভেজ বা হিগুয়েইন নন, পরশু জুভেন্টাস ও নাপোলির জয়ের নায়ক আরতুরো ভিদাল ও মারেক হামসিক। চিলিয়ান মিডফিল্ডার ভিদালের জোড়া গোল এবং তেভেজ ও মিরকো ভুচিনিচের একবার করে লক্ষ্যভেদে নিজেদের মাঠে জুভেন্টাস ৪-১ গোলে হারিয়েছে লাৎসিওকে।দুই সপ্তাহ আগে এই লাৎসিওকে ৪-০ গোলে হারিয়ে মৌসুমসূচক সুপার কোপা ইতালিয়ানার শিরোপা জিতেছে জুভেন্টাস। ওই ম্যাচেও গোল করেছিলেন তেভেজ। এরপর সাম্পদোরিয়ার বিপক্ষে লিগের প্রথম ম্যাচে তো জুভেন্টাস জেতে তেভেজের একমাত্র গোলেই। প্রথমার্ধের দুর্দান্ত লড়াইয়ের পর কিয়েভো ভেরোনার বিপক্ষে নাপোলি জিতেছে ৪-২ গোলে। সাম্পদোরিয়ার বিপক্ষে লিগের প্রথম ম্যাচে জোড়া গোল করা স্লোভাকিয়ান মিডফিল্ডার হামসিক এ ম্যাচেও করেছেন ২ গোল। অন্য গোল দুটি করেছেন এ মৌসুমেই রিয়াল মাদ্রিদ থেকে যুগলবন্দী হয়ে নাপোলিতে আসা হিগুয়েইন ও হোসে কায়েহন। কিয়েভোর দুটি গোলই আলবার্তো পালোসকির।জুভেন্টাস স্টেডিয়ামে ২৬ মিনিটের মধ্যেই জুভেন্টাসকে ২-০-তে এগিয়ে দেন ভিদাল। ২৮ মিনিটে একটা গোল শোধ করে লাৎসিওকে খেলায় ফেরান মিরোস্লাভ ক্লোসা। নতুন মৌসুমে জার্মান স্ট্রাইকারের প্রথম গোল। কিন্তু দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে লাৎসিওর ঘুরে দাঁড়ানোয় আশায় জল ঢালেন মন্টেনেগ্রোর ফরোয়ার্ড ভুচিনিচ। তেভেজের গোলটি ৮০ মিনিটে। দলের পারফরম্যান্সে কোচ আন্তোনিও কন্তে দারুণ খুশি, ‘লাৎসিওকে আবারও ৪ গোল দেওয়াটা এটাই প্রমাণ করে, আমাদের ফর্ম আরও ভালো হচ্ছে, ব্যক্তিগত এবং দলীয় দুভাবেই।’ টানা দুই জয়ে নাপোলি, জুভেন্টাস দুই দলেরই পয়েন্ট সমান ৬। তবে গোল ব্যবধানে এক নম্বরে গত মৌসুমে তৃতীয় হওয়া নাপোলি। ফ্রেঞ্চ লিগ ওয়ানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজি ২-০ গোলে হারিয়েছে দ্বিতীয় বিভাগ থেকে উঠে আসা জেঁঙ্গোকে। দুটি গোলই ম্যাচের যোগ করা সময়ে! লাভেজ্জি, ইব্রাহিমোভিচ, কাভানি, পাস্তোরে—দুর্দান্ত আক্রমণভাগ সাজিয়েও পিএসজিকে গোলের জন্য অপেক্ষা করতে হয় শেষ পর্যন্ত। অবশেষে ইনজুরি সময়ের প্রথম মিনিটে কোচ লরাঁ ব্লাঁর মুখে হাসি ফোটান মিডফিল্ডার আদ্রিয়াঁ রাবিও। দুই মিনিট পর মৌসুমে নিজের প্রথম গোলটি পেয়েছেন গত মৌসুমের সর্বোচ্চ গোলদাতা ইব্রাহিমোভিচ। এএফপি।