ইতালিতে গেলেন মিরোস্লাভ ক্লোসা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীর্ঘ ১৩ বছর জার্মানিতেই ক্লাব ফুটবলের ক্যারিয়ার কাটানোর পর এবার ইতালিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মিরোস্লাভ ক্লোসা। ইতালিয়ান ক্লাব লাজিওর সঙ্গে দুই বছরের একটি চুক্তি করেছেন ৩৩ বছর বয়সী এই জার্মান স্ট্রাইকার। অনেকেই ধারণা করছেন, ইতালি থেকেই তিনি হয়তো ফুটবল অঙ্গনকে শেষ বিদায় জানাবেন।গতকাল বুধবার লাজিও তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে জানিয়েছে, ‘মিরোস্লাভ ক্লোসা এখন লাজিওর ফুটবলার। ক্লাব প্রেসিডেন্ট, কর্মকর্তা ও সমর্থকদের তরফ থেকে আমরা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছি।’সদ্য শেষ হওয়া ইউরোপিয়ান ফুটবলে এবারের মৌসুমে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের হয়ে মাত্র ১টি গোল করেছিলেন ক্লোসা। আজ রোমে মেডিকেল চেকআপের পরই হয়তো আনুষ্ঠানিকভাবে লাজিওর খেলোয়াড় হিসেবে আত্মপ্রকাশ করবেন জার্মানির হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ ১৪টি গোলের মালিক এই স্ট্রাইকার। রয়টার্স।