ইতালিতে চলছে কন্তে-জাদু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তোনিও কন্তের হাতে কি তাহলে জাদুর কাঠি আছে? নয় বছর পর গত মৌসুমে জুভেন্টাস স্কুডেট্টো ফিরে পায় তাঁর হাত ধরেই। কিন্তু জুভেন্টাসকে চ্যাম্পিয়ন করার পরপরই তাঁর মাথায় এসে পড়ে ম্যাচ পাতানোর দায়। সাবেক ক্লাব সিয়েনায় থাকার সময়কার ওই অভিযোগে চার মাস নিষিদ্ধ থাকতে হয় এই কোচকে। আবার ডাগ-আউটে ফিরেছেন এই মাসেই। কিন্তু কন্তে ফিরতেই দেখা যাচ্ছে জুভেন্টাস গতবারের মতোই অপ্রতিরোধ্য।গতকালের ম্যাচটার কথাই ধরুন, পয়েন্ট তালিকার নিচের দিকে থাকা ক্যালিয়ারির বিপক্ষে একসময় হারটাই মনে হচ্ছিল নিয়তি। ১৬ মিনিটে পিছিয়ে পড়েছিল জুভেন্টাস। ৭২ মিনিটে পেনাল্টি থেকে সমতা ফেরানোর সুযোগ পেয়েছিলেন আরতুরো ভিদাল। কিন্তু চিলিয়ান মিডফিল্ডার কাজে লাগাতে পারেননি সুযোগটি। এর মধ্যে ক্যালিয়ারি ১০ জনের দল হয়ে পড়ে। সুবিধাটা কাজে লাগে, ৭৫ মিনিটে সমতা ফেরে আলেসান্দ্রো মাত্রির গোলে। পরে অতিরিক্ত সময়ে মাত্রির আরেকটি ও মিরকো ভুচিনিচের গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে জুভেন্টাস।এই জয়ে বিয়াঙ্কোনেরিরা ছুঁয়ে ফেলেছে আরেকটি মাইলফলক। এক পঞ্জিকাবর্ষে ৯৪ পয়েন্ট অর্জিত হলো তাদের। সাত বছর আগে ফ্যাবিও ক্যাপেলোর সময়কার রেকর্ড ৯৩ পয়েন্টের চেয়ে এক বেশি। কন্তে যেন সতর্কবার্তাই পাঠিয়েছেন প্রতিপক্ষদের, ‘আজ আমরা নিজেদের ক্ষুধা ও আগ্রাসন দেখিয়েছি। এটার জন্যই এ বছর ৯৪ পয়েন্ট পেয়েছি। আমাদের সঙ্গে যে-ই খেলবে তাদের সতর্ক থাকতে হবে।’স্প্যানিশ লিগে বার্সেলোনার সঙ্গে ব্যবধানটা কমিয়ে ছয়ে নিয়ে এসেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। সেই সঙ্গে নগরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধানটা বাড়িয়ে নিয়েছে ৭ পয়েন্ট। পরশু রাতে অবশ্য সেল্টা ভিগোকে হারাতে ঘামই ছুটে গিয়েছিল অ্যাটলেটিকোর। বদলি স্ট্রাইকার আদ্রিয়ান লোপেজের ৭৭ মিনিটের গোলে জয় পায় অ্যাটলেটিকো। ১৭ ম্যাচে ৪০ পয়েন্ট তাদের। নিজেদের ইতিহাসের সেরা শুরুও এটা। সেই ১৯৯৫-৯৬ মৌসুমে ১৭ ম্যাচ থেকে তারা তুলেছিল ৩৯ পয়েন্ট। ওইবার শেষমেশ শিরোপাও জিতেছিল তারা! জয় পেয়েছে ভ্যালেন্সিয়াও। নিজেদের মাঠে গেটাফেকে হারিয়েছে ৪-২ গোলে। ফ্রান্সে প্যারিস সেন্ট-জার্মেই ১০ জনের ব্রেস্তকে হারিয়েছে ৩-০ গোলে। ইব্রাহিমোভিচ পেয়েছেন লিগে তাঁর ১৮তম গোল। পিএসজি কোচ কার্লো আনচেলত্তির কণ্ঠে তাই স্বস্তি, ‘আমরা এখন সবার ওপরে। ভালো একটা ছুটিই কাটাতে যাচ্ছি আমরা।’ এএফপি, ওয়েবসাইট।