
মৌসুম শুরু করেছিলেন সেভিয়ার বিপক্ষে জোড়া গোল করে। সেই থেকেই ফর্মের তুঙ্গে থাকা ডিয়েগো কস্তা পরশুও করলেন জোড়া গোল। এই ব্রাজিলিয়ান-স্প্যানিয়ার্ডের দুই গোলে অ্যাটলেটিকো মাদ্রিদ ভ্যালেন্সিয়াকে হারিয়েছে ৩-০ ব্যবধানে। ঘরের মাঠের এই জয়ে অ্যাটলেটিকো পয়েন্টে ছুঁয়ে ফেলেছে শীর্ষে থাকা বার্সেলোনাকে (১৬ ম্যাচে ৪৩)। গোল ব্যবধানও সমান। বার্সা শীর্ষে গোল বেশি করায়। কস্তা ছুঁয়েছেন সর্বোচ্চ গোলদাতা ক্রিস্টিয়ানো রোনালদোকেও। দুজনেরই গোল ১৭টি করে।
স্পেনে যেমন কস্তা, ইতালিতে তেমনি দুর্দান্ত এক রাত গেছে কার্লোস তেভেজ ও মিরোস্লাভ ক্লোসার। তেভেজ করেছেন হ্যাটট্রিক, ক্লোসা জোড়া গোল। জিতেছে তাঁদের দলও। তেভেজের হ্যাটট্রিকে চ্যাম্পিয়নস লিগ থেকে বাদ পড়া জুভেন্টাস নবাগত সাস্সুয়োলোকে ৪-০ গোলে হারিয়েছে। লিভর্নোর বিপক্ষে লাৎসিওর দুটি গোলই করেছেন ক্লোসা (২-০)। পরশু গোল করেছেন গঞ্জালো হিগুয়েইনও। তাঁর দল নাপোলিও ইন্টার মিলানকে ৪-২ গোলে হারিয়ে হালকা করেছে চ্যাম্পিয়নস লিগ থেকে বাদ পড়ার বেদনা।
বুধবার গ্যালাতাসারাইয়ের কাছে হেরে (১-০) চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে পড়া জুভেন্টাসকে খেলতে হবে ইউরোপা লিগে। জুভেন্টাস কোচের নতুন লক্ষ্য ছিল বড়দিনের ছুটিতে যাওয়ার আগে লিগের বাকি দুটি ম্যাচই জেতা। লক্ষ্যের অর্ধেক তো পূরণ হলোই, শীর্ষস্থানটাও আরও সংহত হয়েছে জুভদের। দুইয়ে থাকা রোমার চেয়ে জুভেন্টাস ৬ পয়েন্টে এগিয়ে। ১৬ ম্যাচে জুভেন্টাসের পয়েন্ট ৪৩, ১৫ ম্যাচে রোমার ৩৭। লিগে এটা জুভেন্টাসের গোল না খেয়ে টানা অষ্টম জয়। ম্যাচ শেষে গোলরক্ষক ও অধিনায়ক জিয়ানলুইজি বুফনের কণ্ঠে ঝরেছে স্বস্তি, ‘চ্যাম্পিয়নস লিগ থেকে বাদ পড়াটা ছিল আমাদের জন্য কষ্টের। তবে এখন আমাদের অন্য একটা (ইউরোপা লিগ) শিরোপা জয়ের চেষ্টা করতে হবে।’ হ্যাটট্রিক হিরো তেভেজের আশা, সর্বোচ্চ গোলদাতা হয়েই দলকে জেতাবেন স্কুডেট্টো। এএফপি।