ইতালিতে যাচ্ছেন রোনালদো !
ইংলিশ লিগে খেলেছেন। সেখানে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে নিয়েছেন তিনটি লিগ শিরোপার স্বাদ। স্পেনে খেলতে এলেন রিয়াল মাদ্রিদের হয়ে। এত দিন অপেক্ষার পর এবারই হতে যাচ্ছে লা লিগা জয়ের অভিজ্ঞতা। হ্যাঁ, ক্রিস্টিয়ানো রোনালদো যদি ইউরোপের অপর জনপ্রিয় লিগ ইতালীয় ‘সিরি অ্যা’-তে গিয়ে একটি শিরোপার স্বাদ পেতে চান, তাহলে কি তাঁকে খুব একটা দোষ দেওয়া যায়? চরম পেশাদারি যুগে এখন আর ‘ঘরের ছেলে’ বলতে যে কিছু নেই—এটা তো সবাই জানে। এই রোনালদোও একেবারে উড়িয়ে দেননি তাঁর ইতালিতে স্থায়ী হওয়ার সম্ভাবনা।‘আমি লিগ হিসেবে সিরি অ্যাকে পছন্দই করি। ওখানে খেলতে পারলে ভালোই লাগতো। যদিও এই লিগ এখন ইংলিশ ও স্প্যানিশ লিগের পর তৃতীয় সেরা, তার পরেও এই লিগের দলগুলো দেখুন। এখানে রয়েছে ইন্টার, এসি মিলান, জুভেন্টাসের মতো বিশ্বের শীর্ষ ক্লাবগুলো।’ বলেছেন রোনালদো। এই লিগে খেলার সম্ভাবনা উড়িয়ে না দিয়ে তিনি বলেছেন, ‘কখনোই নয়—এ কথাটা আসলে বলা ঠিক নয়। “হতেও তো পারে” বাক্যটা এই জায়গায় ব্যবহার করাটাই শ্রেয় মনে করি আমি।’এ মৌসুমে লা লিগায় রিয়াল মাদ্রিদের সাফল্যের পেছনে রোনালদোর অবদানই সবচেয়ে বড়। ‘লস ব্ল্যাংকোস’ দের পক্ষে তাঁর ৪৩ গোল এই মৌসুমে তাঁকে তুলে দিয়েছে সর্বোচ্চ গোলদাতার আসনে। যদিও সেই আসনে তাঁর একক কর্তৃত্ব নেই। চির তুলনীয় লিওনেল মেসি এসে ভাগ বসিয়েছেন এতে। কিন্তু রোনালদো কিন্তু এর পরেও নিজেকে তুলে নিয়েছেন অন্য উচ্চতায়। আসছে মৌসুমে নানাদিক থেকে তিন-চারটি প্রস্তাব আসলেও কিন্তু অবাক হওয়ার কিছু নেই। ইতালি যাওয়ার ব্যাপারটি এক ফুত্কারে উড়িয়ে না দিয়ে এই পর্তুগিজ কি তারই ইঙ্গিত দিলেন না!ব্যাপারটিকে সেভাবে দেখতে রাজি নন রোনালদো। তিনি বলেন, ‘কোনো জায়গাই চিরস্থায়ী নয়। যখন আপনার কোনো জায়গা থেকে মন উঠে যায়, সেখান থেকে আপনি বিদায় নিতেই পারেন। যেকোনো জায়গাই হতে পারে আপনার ঠিকানা। তবে স্পষ্ট করে বলি, মাদ্রিদে অমন অবস্থা এখনো আমার হয়নি। আমি এখানে যথেষ্ট আনন্দের সঙ্গেই আছি।’কোচ হোসে মরিনহোর সঙ্গে তাঁর রসায়নটা অন্য রকম আখ্যা দিয়ে রোনালদো বলেছেন, ‘মরিনহো অসাধারণ এক কোচ। কিছুটা অন্য রকমও।’ রোনালদোর মতে, পর্তুগাল, ইতালি ও ইংল্যান্ডের পর স্পেনেও সাফল্য পাওয়া এই কোচ এ মুহূর্তে বিশ্বের সেরা। রোনালদো তাঁর এই মন্তব্যের ব্যাখ্যাও দিয়েছেন। তিনি বলেছেন, ‘আমার কাছে সেরা হওয়ার মানে হচ্ছে, আপনাকে বিভিন্ন জায়গায়, ভিন্ন পরিবেশে সফল হতে হবে। মরিনহো সাফল্য পেয়েছে বিভিন্ন লিগে। তিনি সেরা না হয়ে পারেনই না!’ ওয়েবসাইট।