পুরো মারাকানাই সেদিন উঠে দাঁড়িয়েছিল তাঁর সম্মানে।
সেই মারাকানা যেখানে দর্শকদের সন্তুষ্ট করা সম্ভবত পৃথিবীর সবচেয়ে কঠিন কাজগুলোর একটা। ফুটবলার হিসেবে কেউ যত ভালোই করুক, মারাকানার দর্শকেরা তাঁকে তুলনা করবে পেলে-গারিঞ্চা-সক্রেটিসদের সঙ্গে। সেই তুলনা থেকে তাদের মনে হবে, এ আর এমন কী ফুটবলার!
কিন্তু একজনের ভাগ্যে জুটেছিল সেই বিরল সম্মান। এত তুলনার পরও হয়তো সেদিন মারাকানার মনে হয়েছিল, এর সম্মানে উঠে দাঁড়ানো যায়! খেলোয়াড়টি আন্দ্রেয়া পিরলো। মেক্সিকোর

বিপক্ষে সেদিন ইতালির হয়ে শততম ম্যাচটা খেলতে নেমেছিলেন, গত বছর কনফেডারেশনস কাপে। সেই অভিবাদনের জবাব দিয়েছিলেন পিরলো ওই ম্যাচে ৩০ গজ দূর থেকে নিজের ট্রেডমার্ক ফ্রি-কিক থেকে অসাধারণ এক গোল করে।
ব্রাজিলের মাঠে, ব্রাজিলিয়ান দর্শকদের কাছ থেকে এমন সম্মান যিনি আদায় করতে পারেন, তাঁর নিশ্চয়ই কিছু বিশেষত্ব
আছে। সেই বিশেষ প্রজাতির ফুটবলার বলেই ৩৫ ছুঁই-ছুঁই বয়সেও ইতালির প্রাণভোমরা তিনি।
কিছুদিন আগে প্রকাশিত পিরলোর আত্মজীবনী আই থিঙ্ক দেয়ারফোর আই প্লে-তে ভূমিকা লিখেছেন ইতালি কোচ সিজারে প্রানদেল্লি। এই প্লে-মেকার ইতালি দলে কতটা গুরুত্বপূর্ণ সেটা বোঝা যায় প্রানদেল্লির ভূমিকার চুম্বক অংশ পড়লেই, ‘পিরলো সবার। সে হলো এমন এক প্রজাতির ফুটবলার যাকে সংরক্ষণ করে রাখা উচিত। তার মধ্যে সবাই এক সত্যিকারের চ্যাম্পিয়নকে খুঁজে পাবে। সে-ই খেলাটির শেষ কথা, সে-ই ফুটবল।’
মাথাভর্তি কালো চুল। মুখভর্তি দাড়ি-গোঁফ মিলিয়ে যেন হলিউডের নায়ক চাক নরিস! পিরলোর চরিত্রে অবশ্য নরিসের মতো কাঠিন্য কিংবা শক্তি খাটানোর ব্যাপারটা একদমই নেই। তিনি বরং অনেক শান্ত, সৌম্য। ইতালির সাবেক কোচ মার্সেলো লিপ্পির ভাষায় ‘নীরব ঘাতক’। তিনি মাঠে আছেন, কিন্তু কাউকে বুঝতেই দিচ্ছেন না যে তিনিই পুরো খেলার কলকাঠি নাড়ছেন। মাঠে না থাকলে অবশ্য অভাবটা টের পাওয়া যায় ভালোই। ২০১০ বিশ্বকাপে যেমন প্রথম দুটি ম্যাচ খেলতে পারেননি চোটের কারণে। কে না জানে ওই বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে ইতালি। ২০১২ ইউরোতে আবার তিনি ছন্দে ফেরায় তাঁর দলও খেলেছে ফাইনালে।
ঠিক এ কারণেই বিশ্বকাপেও প্রানদেল্লির সবচেয়ে বড় আস্থার নাম পিরলো। মারিও বালোতেল্লি, জিউসেপ্পে রসি কিংবা সিরো ইম্মোবিলেরা থাকার পরও ইতালির গ্রুপে থাকা ইংল্যান্ড কোচ রয় হজসনের সবচেয়ে বড় ভয় এই পিরলোকেই। উরুগুয়ের কোচ অস্কার তাবারেজেরও যে এমন উদ্বেগ নেই কে বলতে পারে!
পিরলো নিজেও খুব একটা কথা বলেন না। ফেসবুক পেজে শুধু একটা ছবি ছাড়া আর বিশেষ কিছু নেই, গত বছর মার্চে টুইটারে যোগ দেওয়ার পর থেকে সব মিলিয়ে গোটা তিরিশেক টুইট, বেশির ভাগই রিটুইট অবশ্য। আত্মজীবনীতে ২০০৬ বিশ্বকাপের ফাইনাল নিয়ে স্মৃতিচারণা করেছেন, ‘২০০৬ সালের ৯ জুলাই বিকেলে আমি কিছুক্ষণ ঘুমালাম, উঠে কিছুক্ষণ প্লে-স্টেশনে খেললাম, তারপর মাঠে গিয়ে বিশ্বকাপ জিতলাম।’
সব কথা যেন মাঠে বলের সঙ্গে হয় তাঁর। সে জন্যই ইতালি আর জুভেন্টাস-সতীর্থ জর্জো কিয়েল্লিনি বলেছেন, ‘একজন ডিফেন্ডারের সামনে পিরলোর মতো একজন খেলোয়াড়। এ জীবনে আমার আর বেশি কিছু চাওয়ার নেই। আপনি শুধু তাকে বলটা দেবেন, আর দেখবেন সে খেলাটা কীভাবে নিয়ন্ত্রণ করে। পিরলো আমাদের ইঞ্জিনের জ্বালানি।’
ইতালির গাড়িটা এই জ্বালানিতেই দুর্বার গতিতে এগিয়ে যেতে চাইবে এবার। রয়টার্স৷